ঘোড়াঘাটে ভুট্টাখেতে পড়ে ছিল যুবকের মাটিমাখা লাশ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একটি ভুট্টাখেত থেকে ইসমাইল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে পৌর শহরের শ্যামপুর-লালমাটি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

নিহত ইসমাইল উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। পেশায় তিনি খননযন্ত্র (ভেকু মেশিন) চালকের সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ইসমাইল কয়েক বছর আগে তাঁর চাচাতো বোনকে বিয়ে করেন। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের সংসারে একটি মেয়ের জন্ম হয়। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। কয়েক মাস পর ইসমাইল আগের স্ত্রীর চাচাতো বোনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন। পাঁচ দিন আগে ইসমাইল আগের সংসারে থাকা মেয়েকে দেখতে গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। আজ ভোরে লালমাটি এলাকার একটি ভুট্টাখেতে তাঁর মাটিমাখা লাশ দেখতে পান এলাকাবাসী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, সকালে স্থানীয় কাউন্সিলরের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা-পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে ইঁদুর মারার বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে ইসমাইল ‘আত্মহত্যা’ করেছেন। স্বজনদের পক্ষ থেকে তাঁর (ইসমাইল) ভগ্নিপতি লাবু মিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।