তারাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তারাগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম বাদী হয়ে অ্যাম্বুলেন্স ও ট্রাকচালকের বিরুদ্ধে মামলাটি করেন।

দুর্ঘটনার ২০ ঘণ্টা পর নিহত একজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, গতকাল অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আজ সকালে অ্যাম্বুলেন্স ও ট্রাকচালককে আসামি করে মামলা হয়েছে। নিহত পাঁচজনের পরিচয় মিলেছে। সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন, হাসপাতালে নেওয়া পথে একজনসহ মোট পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, গতকাল রাতেই চারজনের পরিচয় নিশ্চিতের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিচয় না পাওয়ায় একজনের লাশ থানায় রাখা ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন টিম এসে পরিচয় শনাক্তের জন্য লাশের আলামত সংগ্রহ করে। বেলা তিনটার দিকে তাঁর পরিচয় শনাক্ত হয়। নিহত ওই ব্যক্তি হলেন তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের অনন্তপুর মণ্ডলপাড়া গ্রামের কাছুয়া মাহমুদের ছেলে বাবুল মিয়া (৫০)।

নিহত অন্য চারজন হলেন আলমপুর ইউনিয়নের শেরমস্ত বানিয়াপাড়া গ্রামের আজানুর রহমান (৪৫), পাতিলভাঙা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), উত্তর চাঁদখানা গ্রামের আনিসুল হকের ছেলে লাবু মিয়া (১৩), সৈয়দপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী (৫২)। আহত ব্যক্তিরা হলেন আলমপুরের ভবানীগঞ্জ এলাকার শাহির উদ্দিন ও পাতিলভাঙা গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে ইব্রাহিম (৮)।

তদন্ত কমিটি গঠন

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বেলা তিনটায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রাসেল মিয়া বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীনকে আহ্বায়ক, বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলমকে সদস্যসচিব ও পুলিশ সুপারের এক প্রতিনিধিকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক চিত্রলেখা নাজনিন।

ইউএনও আরও বলেন, নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসন থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে জেলা প্রশাসকের কার্যালয় তা বহন করবে বলে জানিয়েছে।