জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতিকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা
ছবি: সংগৃহীত

দুই শতাধিক সশস্ত্র ব্যক্তিকে নিয়ে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অভিযোগে জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমাকে সব রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি প্রদানের জন্য বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

ওই চিঠিতে ফারহানা সোমার উদ্দেশে বলা হয়েছে, ‘গত শনিবার আপনার নেতৃত্বে দুই শতাধিক সশস্ত্র ব্যক্তি আওয়ামী লীগের প্রবীণ কর্মী মো. আবু সাইদের বাড়ি বেআইনিভাবে দখলে নিতে যান। এ সময় আবু সাইদ বিশ্ব ইজতেমা ময়দানে ছিলেন। তাঁর অনুপস্থিতে সেখানে আপনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন গণমাধ্যমে ওই ধরনের অভিযোগ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় জনমনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আপনাকে বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সভাপতির দায়িত্বসহ সব রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

ফারহানা সোমার বিরুদ্ধে দুই শতাধিক সশস্ত্র ব্যক্তি নিয়ে একটি বাড়ি বেআইনিভাবে দখলে নিতে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরেকটি চিঠিতে সভাপতির পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি প্রদানের জন্য বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা জেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানও। সোমবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন,‘সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশের কোনো চিঠি আমি পাইনি। তবে শুনেছি, এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার ন্যূনতম ভিত্তি নেই। সেখানে আমি জমি দখল করতে যাইনি। সেটা আমার বড় বোনের বাড়ি। মারামারির খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম। এক পক্ষের অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’