নিখোঁজ গৃহবধূ কণিকা দাশ
নিখোঁজ গৃহবধূ কণিকা দাশ

ঝোড়ো হাওয়ায় কর্ণফুলীতে নৌকা উল্টে গৃহবধূ নিখোঁজ, ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও কণিকা দাশ (২০) নামের এক গৃহবধূর খোঁজ মেলেনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারকারীরা তাঁর সন্ধান পাননি। নদীর তীরে স্বজনদের অপেক্ষা আর কান্না থামছেই না।

কণিকা দাশ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের জেলেপাড়ার রুবেল দাশের স্ত্রী। তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।

আজ বিকেলে কণিকার আত্মীয় বাবু দাশ প্রথম আলোকে বলেন, সারা দিন নৌকা নিয়ে নদীর বিভিন্ন এলাকায় খোঁজ করা হয়েছে। কিন্তু এখনো কণিকার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সবাই ভেঙে পড়েছেন। তাঁর স্বামী বারবার মূর্ছা যাচ্ছেন।

বাবু দাশ বলেন, পুলিশ কয়েক দফা এসে খোঁজখবর নিয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে কোথাও মরদেহ ভেসে উঠলে খবর দিতে বলা হয়েছে। এখন স্বজনেরা অপেক্ষা করছেন কণিকার সন্ধানের জন্য।

স্বজনদের ভাষ্য, গতকাল বুধবার ছিল কণিকার মায়ের বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান। এতে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

নৌকাডুবির পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে রাজ ঘোষ নামের দুই বছরের এক শিশুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস নদীতে তল্লাশি চালায়। পরে রাত হয়ে যাওয়ায় অভিযান বন্ধ করা হয়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, নদীর স্রোত ও বৈরী পরিস্থিতির কারণে ওই সময় উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।