শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন রসায়ন বিভাগের প্রধান নেওয়াজ মোহাম্মদ বাহাদুর(মাঝে সবুজ টিশার্ট পরা)। গতকাল বিকেলে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন রসায়ন বিভাগের প্রধান নেওয়াজ মোহাম্মদ বাহাদুর(মাঝে সবুজ টিশার্ট পরা)। গতকাল বিকেলে

নোবিপ্রবির চার শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন স্বাক্ষরিত পৃথক পৃথক দাপ্তরিক আদেশে ওই নির্দেশনা দেওয়া হয়। ওই দিন বিকেলে সাবেক কোষাধ্যক্ষ ও রসায়ন বিভাগের প্রধান নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে ক্যাম্পাস ত্যাগে বাধ্য করেন শিক্ষার্থীরা।

আদেশে নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ ও রসায়ন বিভাগের প্রধান নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি বিপ্লব মল্লিক, সাবেক প্রক্টর ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রিমন, আইন বিভাগের শিক্ষক বাদশা মিয়াকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসাইন।

এদিকে গতকাল বুধবার বিকেলে রসায়ন বিভাগের প্রধান নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে ক্যাম্পাস ত্যাগে বাধ্য করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা তাঁকে স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দেন। উদ্ভূত পরিস্থিতিতে আগে থেকে ক্যাম্পাসে থাকা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক প্রক্টর আনিসুজ্জামানও ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে থাকা নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের চারজন কর্মকর্তার পদত্যাগের দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা। ওই দাবির সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। একই দিন শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য, সহ–উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ট্রেজারারের পদ থেকে নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করলেও বাকি তিনজন পদত্যাগ করেননি। এরপর আন্দোলনের মুখে ২০ আগস্ট উপাচার্য মো. দিদার-উল-আলম পদত্যাগ করেন। তার পরের দিন পদত্যাগ করেন সহ–উপাচার্য মো. আবদুল বাকী।

প্রক্টর আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেজারারের পদ থেকে পদত্যাগ করা নেওয়াজ মোহাম্মদ বাহাদুর থাকতেন বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউজের একটি কক্ষে। কক্ষের ভেতর তাঁর নিত্যব্যবহার্য জিনিসপত্র বের করে নেওয়ার জন্য তিনি নবনিযুক্ত উপাচার্য মুহাম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগ করেন। সকালের দিকে এসে তাঁর জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী অধ্যাপক বাহাদুর ক্যাম্পাসে আসেন এবং তাঁর রুমে ও বিভাগে দিনভর অবস্থান করেন। বিকেলের দিকে তাঁর ক্যাম্পাসে উপস্থিতি এবং নিজ বিভাগে অবস্থানের বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হয়ে যায়। বিকেল চারটার দিকে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে তাঁর উপস্থিতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে তিনিসহ প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য শিক্ষকেরা গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং নিরাপদে নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে ক্যাম্পাস ত্যাগে সহযোগিতা করেন।

প্রসঙ্গত, নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের বিরুদ্ধে। শিক্ষার্থীদের নানাভাবে দমন-নিপীড়নের এবং শিক্ষকদের পদোন্নতি ঝুলিয়ে রাখারও ব্যাপক অভিযোগ রয়েছে। গতকাল ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। একপর্যায়ে তিনি খুদে বার্তা পাঠিয়ে জানান, ‘মসজিদে’ আছেন। পরে ফোন দেওয়া হলেও তিনি আর ফোন ধরেননি।