মুক্তা বড়ুয়া
মুক্তা বড়ুয়া

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার

রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার শহীদ মিনার–সংলগ্ন রিজার্ভ মুখ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

ওই নারীর নাম মুক্তা বড়ুয়া (২৮)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্বামী ঘুমানো অবস্থায় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। গতকাল শনিবার এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই নারীর লাশ হ্রদে ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।

জানতে চাইলে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, হ্রদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এরপর লাশটি কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, লাশটি উদ্ধারের সময় ওই নারীর পরনে কোনো কাপড় ছিল না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।