ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি, ভোলা থেকে নৌযান চলাচল বন্ধ

সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট প্লাবিত হয়েছে। আজ সোমবার সকালে
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল রোববার থেকে ভোলায় বৃষ্টি চলছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। বৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার সকাল সাতটা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নৌপথে চলাচলকারী ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, আজ সকালে ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরগামী কোনো ফেরি ও লঞ্চ ছেড়ে যায়নি। একইভাবে ভেদুরিয়া ঘাট থেকে বরিশালগামী ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ আছে।

বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ভোলার নদীবন্দরগুলোকে ৭ নম্বর সতর্কতা–সংকেত দেখাতে বলা হয়েছে। এ জন্য আজ সকাল থেকে ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা রয়েছে।

ভোলা আবহাওয়া অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ভোলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভোলার ওপর দিয়ে ঘণ্টায় ১৫ নটিক্যাল মাইল বেগে দমকা হাওয়া বইছে। ভোলা ও ভোলার নৌবন্দরগুলোকে ৭ নম্বর সতর্কতা–সংকেত দেখানো হচ্ছে।

চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম হাওলাদার বলেন, গতকাল থেকে তিনি ঢালচরে অবস্থান করে মসজিদের মাইকে চরের সব পরিবারকে সতর্ক থাকতে বলেছেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক সদস্যরাও মাইকিং করে সবাইকে সতর্ক অবস্থা গ্রহণের জন্য প্রচারণা চালাচ্ছেন।

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি এলাকার বাসিন্দা মো. হেলালউদ্দিন মাস্টার বলেন, গতকাল রাতভর বৃষ্টি হয়েছে। আজ ভোর থেকে বৃষ্টি অব্যাহত আছে, মেঘনা নদীতে কোনো নৌকা নেই। সবাই সতর্ক অবস্থায় আছে। মাঠে গরু-ছাগল নামানো হয়নি।

আজ সোমবার সকাল থেকে একটানা বৃষ্টি চলছে। চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে

দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক দৌলত বলেন, গতকাল রাত থেকে বৃষ্টি ও দমকা বাতাস বইছে। জোয়ারের উচ্চতাও বাড়ছে। মাইকিং করে স্থানীয় লোকজনকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। তবে বেশির ভাগ মানুষ এখনই আশ্রয়কেন্দ্র যেতে রাজি হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ভোলার ২৩টি ইউনিয়নের ৭৫টি চরের লক্ষাধিক পরিবার ঝুঁকির মধ্যে আছে। এসব এলাকায় জোয়ারের উচ্চতা বাড়ছে। এদিকে গতকাল বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনসহ সব দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, তাঁদের উপজেলার ঝুঁকিপূর্ণ ইউনিয়নের লোকজনকে নিরাপদে আসার জন্য মাইকিং করা হচ্ছে। তাদের পরিবহনের জন্য ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার ৭৪৬টি আশ্রয়কেন্দ্র ও ১ হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলার সাত উপজেলায় খোলা হয়েছে আটটি কন্ট্রোল রুম। ১৩ হাজার ৬০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। জেলার ৭০টি ইউনিয়ন ও ৭টি উপজেলায় গঠন করা হয়েছে একটি করে মেডিকেল টিম। জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিক রয়েছে। ভোলায় পাউবোর ৩৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ইতিমধ্যে মেরামত করা হয়েছে। তারপরও পাউবোর কর্মকর্তারা সরেজমিন বিভিন্ন পয়েন্টে যাচ্ছেন, যেন ঘূর্ণিঝড়ে কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে তা মেরামত করা যায়।