তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই অংশে বিরামহীনভাবে চলছে সিএনজিচালিত অটোরিকশা। বেপরোয়া গতির এসব অটোরিকশার কারণে মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও অন্তত আট যাত্রী।
হাইওয়ে পুলিশের দাবি, সতর্কতামূলক প্রচারণার পাশাপাশি জরিমানাসহ আইনগত ব্যবস্থা নিয়েও মহাসড়কে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গতকাল শনিবার দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার থেকে মিরসরাই সদর, মিঠাছড়া বাজার, বিশ্বরোড রাস্তার মাথা ও জোরারগঞ্জ বাজার এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, আইনের তোয়াক্কা না করে মহাসড়কে বেপরোয়া গতিতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর যাত্রী ওঠানামা করতে দেখা যায় চালকদের।
বড়তাকিয়া বাজার এলাকায় কথা হয় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ মেজবাউল আলমের সঙ্গে। আইন অমান্য করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর বিষয়ে জানতে চাইলে এই চালক প্রথম আলোকে বলেন, ‘আমি মহাসড়কে গাড়ি চালাই না। আজ একজন রোগীর পীড়াপীড়িতে তাঁকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। এখনই গ্রামের রাস্তায় নেমে যাব।’
জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে মহাসড়কে মাইকিং করে চালকদের মহাসড়কে অটোরিকশা চলাচল না করার জন্য বলা হচ্ছে। এরপরও মহাসড়কে অটোরিকশা যাঁরা চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এরই মধ্যে শুরু হয়েছে। প্রচারণার পাশাপাশি গত এক সপ্তাহে অন্তত ৪০টি অটোরিকশা জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
সোহেল সরকার আরও বলেন, দুই মাস ধরে মহাসড়কে অটোরিকশার চলাচল বেড়েছে। এ কারণে দুর্ঘটনাও ঘটছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে চালকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে।