জালাল উদ্দিন তালুকদার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আর মিজানুর রহমান খান সেলিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। দুজনের বয়স ৭২ বছর ছুঁই ছুঁই। তাঁদের দেখা হয় না কত দিন! ১৯৬৮ সালে দুজন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে সেই যে বিদ্যালয় ছেড়েছেন, মাঝখানে জীবন থেকে হারিয়ে গেছে অনেক বছর। দীর্ঘদিন পর শৈশবের স্মৃতি জড়ানো সেই বিদ্যাপীঠে শত বছর পূর্তি উৎসবে যোগ দিতে এসে প্রিয় সহপাঠীর সঙ্গে দেখা হওয়ার পর অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন দুজন।
মিজানুর রহমান শৈশবের প্রিয় বন্ধুকে বুকে জড়িয়ে বগুড়ার ভাষায় বলেন, ‘বন্ধু, তুই ক্যাংকা আচু? শরীরডা ক্যাংকা আচে? তোর ছলপল কে কী করিচ্চে?’ জালাল উদ্দিন তালুকদার জবাব দেন, ‘এই বয়সে শরীরডা আর কত ভালো থাকপি। সগলি ভালো আচে।’
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে পরিচিত দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা। আজ শনিবার দিনভর আবেগ–উচ্ছ্বাসে মাতেন বিদ্যালয়ের নবীন-প্রবীণ সব শিক্ষার্থী। দীর্ঘদিন পর বন্ধুরা একসঙ্গে হয়ে জমজমাট আড্ডা, হাসি, ঠাট্টা-মশকরায় কাটিয়ে দেন। সন্ধ্যায় নাচ-গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।
সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গৌরবের ১০০ বছর পূর্তি উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা তিনমাথা, সিও অফিস বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড, আঞ্চলিক মহাসড়ক ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান প্রধান শিক্ষক আনিছুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে স্মৃতিচারণা পর্বে একে একে স্মৃতিচারণা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এ পর্বে সভাপতিত্ব করেন ইউএনও সুমন জিহাদী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও যশোরের জেলা জজ কবির উদ্দিন, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক আবদুল মজিদ, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
১৯৬৩ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে বিদ্যালয় ছেড়েছেন রিজিয়া বেগম। পড়াশোনা শেষে যোগ দিয়েছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারে। উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক হিসেবে জয়পুরহাট সরকারি কলেজ থেকে অনেক আগে অবসর নিয়েছেন। মাঝখানে জীবন থেকে হারিয়ে গেছে অনেক বছর। দীর্ঘদিন পর শৈশব স্মৃতি জড়ানো সেই বিদ্যাপীঠে শত বছর পূর্তি উৎসবে যোগ দিতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রিজিয়া বলেন, ‘বহুদিন পর প্রিয় বিদ্যাপীঠে এসে শৈশব স্মৃতি মনে পড়ছে। সেই শ্রেণিকক্ষ, সেই কমন রুম, টিফিনের ফাঁকে বউচি–গোল্লাছুট খেলা—সবকিছু আজ মনে পড়ছে। এ বিদ্যালয়ে বাবা চাকরি করতেন। ছয় ভাইবোন পড়াশোনা করেছি।’
১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্রী ও দুপচাঁচিয়া মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মনোয়ারা বেগম বলেন, ‘আমার দাদাশ্বশুর, শ্বশুর ও স্বামী—তিনজনই এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমি নিজেও এ বিদ্যালয়ের ছাত্রী। খুব ভালো লাগছে বহুদিন পর বিদ্যালয় চত্বরে পা দিয়ে।’
১৯৮৬ সালের ব্যাচের শিক্ষার্থী পরিমল কুমার চৌধুরী বলেন, ‘শরীর খুব অসুস্থ। এরপরও শত বছরের মিলনমেলায় ঘরে বসে থাকতে পারিনি।’ ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ও যশোরের জেলা জজ কবির উদ্দিন প্রামাণিক বলেন, ‘এ বিদ্যালয়ের শিক্ষকদের শাসন, স্নেহ-ভালোবাসার কথা কর্মজীবনেও ভুলতে পারিনি। শিক্ষকেরা কড়া শাসন করেছিলেন বলেই আজ কর্মজীবনে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ১৮৯২ সালে দুপচাঁচিয়া সদরের ‘চৌধুরী এস্টেট’ জমিদার পরিবারের উদ্যোগে তাঁদের এস্টেট কার্যালয়ের সামনে টোলঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু। পরে নাগর নদের কোল ঘেঁষে জমিদারের দান করা সম্পত্তির ওপর বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯২৩ সালে কলকাতা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি লাভ করে এ বিদ্যালয়। এরপর ১৯২৬ সালে কলকাতা গেজেটে ইংলিশ বিদ্যালয় হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়। ১৯৩৭ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ বিদ্যালয়ের উদ্দেশে আশীর্বাদপত্র লিখেছিলেন। ১৯৪৪ সালে এ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশনে তৃতীয় স্থান অর্জন করা প্রাক্তন শিক্ষার্থী রমেন্দ্র কুমার পোদ্দার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন।
২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর এ বিদ্যালয় সরকারি ও গেজেটভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এ বিদ্যালয়। ২০২১ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে মানবিক বিভাগ থেকে নবম স্থান, ২০২২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে একজন শিক্ষার্থী ২৯তম এবং বিজ্ঞান বিভাগ থেকে ৫১ ও ৮৮তম স্থান অর্জন করেছে।
প্রধান শিক্ষক আরও বলেন, দীর্ঘ পথচলায় বিদ্যাপীঠটি অনেক গুণীজনের জন্ম দিয়েছে। এখানকার প্রাক্তন ছাত্রদের অনেকে নিজ নিজ পেশায় সাফল্য অর্জনের মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছেন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮০০।