সুন্দরবনে হরিণের মাথা ও মাংস জব্দ

সাতক্ষীরা জেলার মানচিত্র
সাতক্ষীরা জেলার মানচিত্র

পশ্চিম সুন্দরবনে হরিণ শিকার করে মাংস লোকালয়ে নিয়ে আসার সময় ২০ কেজি মাংস ও একটি হরিণের মাথা জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কোবাতক টহল ফাঁড়ির ফরেস্ট গার্ড রেজাউল করিমের নেতৃত্বে বনকর্মীরা এসব জব্দ করেন। এর আগে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়।

ফরেস্ট গার্ড সূত্রে জানা যায়, গহিন সুন্দরবনের কালিরচর–সংলগ্ন চোরা মেঘনা নদী দিয়ে হরিণের মাথা ও মাংস নিয়ে যাচ্ছিল শিকারিরা। খবর পেয়ে সেখানে যান বনকর্মীরা। এ সময় শিকারিরা মালামাল ফেলে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। সেখান থেকে হরিণের একটি মাথা, ২০ কেজি মাংস ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছেন চৌধুরী বলেন, শিকারিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। জব্দ করা মাংস ও মাথা সাতক্ষীরা আদালতে আলামত হিসেবে পাঠানো হয়েছে।