সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার দুপুরে তোলা
সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার দুপুরে তোলা

চীন সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে, বিপুল চীনা বিনিয়োগ আসবে দেশে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তাঁর মতে, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বাণিজ্যঘাটতি কমানোর পথও সুগম হবে।

আজ শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। দেশটির প্রাকৃতিক সম্পদ ও শিল্প উৎপাদন সক্ষমতা অত্যন্ত শক্তিশালী হওয়ায় শুধু বাংলাদেশের সঙ্গেই নয়, বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত আছে। তিনি জানান, বর্তমানে চীনের রপ্তানির পরিমাণ তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি।

মন্ত্রী বলেন, চীন ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব পণ্যের জন্য শুল্কমুক্ত (জিরো ডিউটি) বাজারসুবিধা দিয়েছে। তাই বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করা। সম্প্রতি মন্ত্রিসভায় চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমিতে চীনা বিনিয়োগকারীদের জন্য একটি শিল্প পার্ক (চাইনিজ ইপিজেড) স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এর ধারাবাহিকতায় আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে। এর ইতিবাচক প্রভাব দুই দেশের বাণিজ্য ভারসাম্যেও প্রতিফলিত হবে।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ব্যবস্থাপনা কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বের ভিত্তিতেই সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিলেটের এই সংসদ সদস্য বলেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি নিজে কমিটিতে আছেন। কমিটিকে ৩০ দিনের মধ্যে দানদক্ষিণার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করার জন্য একটি সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবীনবরণ অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ আলী আহমদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসাম ইমাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ।

সিলেটের অবকাঠামো উন্নয়নে হাজার কোটি টাকার পরিকল্পনা

এদিকে গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেটের অবকাঠামো ও স্বাস্থ্যসেবা উন্নয়নে কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, সিলেট মহানগরের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, অল্প সময়ের মধ্যেই সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল চালু হবে এবং এটি পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ হবে। এ ছাড়া নগরবাসীর জন্য একটি বড় উন্মুক্ত সবুজ এলাকা বা ‘শহরের ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে মানুষ অবাধে হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ পাবেন।

অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য আটজন গুণীজন এবং দুটি আঞ্চলিক সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়।