
প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী আসেন ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির চিকিৎসাকেন্দ্রে। তবে এ কেন্দ্র আছে নানা সংকট।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মকবুল আহমেদ থাকেন বিশ্ববিদ্যালয় এলাকায়। গতকাল সোমবার সকালে অসহনীয় যানজট উপেক্ষা করে ডায়াবেটিসের নিয়মিত চেকআপ আর চিকিৎসা নিতে এসেছিলেন ময়মনসিংহ নগরের হরিকিশোর রায় সড়কে অবস্থিত ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির চিকিৎসা কেন্দ্রে। ফেরার সময় তিনি জানান, চিকিৎসাসেবায় তিনি সন্তুষ্ট হলেও ভবনটির জরাজীর্ণ দশায় তিনি হতাশ।
মকবুল হোসেনের মতো আরও অনেক রোগীই ভবনটির জরাজীর্ণ দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজ মঙ্গলবার জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। দিবসটি সামনে রেখে গতকাল সোমবার ডায়াবেটিক সমিতির চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা এ কেন্দ্রের নানা সংকটের কথা জানান।
সমিতির চিকিৎসক বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন, এ চিকিৎসাকেন্দ্রে রয়েছে নানা সংকট। প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী আসেন। তবে রোগীদের বসার জন্য তেমন কোনো স্থান নেই। চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া কক্ষগুলো খুব ছোট। সরকারি একটি পুরোনো ভবন ইজারা নিয়ে চলছে কার্যক্রম। ভবনটি এতই জরাজীর্ণ যে বৃষ্টি হলে পানি পড়ে। এ ছাড়া এ কেন্দ্রে শুধু ডায়াবেটিস রোগের পরীক্ষা-নিরীক্ষা হয়। ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কযুক্ত চোখ, দাঁত, কিডনি বা অন্য রোগের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি সূত্রে জানা যায়, ডায়াবেটিস সচেতনতার কাজ মূলত দিবসকেন্দ্রিক। প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস ও নভেম্বর মাসে বিশ্ব ডায়াবেটিস দিবসে সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এর বাইরে সচেতনতামূলক কোনো কর্মকাণ্ড নেই। সমিতির সদস্য ও চিকিৎসকেরা জানান, ডায়াবেটিস বিষয়ে মানুষের সচেতনতা বাড়লেও সাধারণত শারীরিকভাবে অসুস্থ বোধ করা ছাড়া কেউ পরীক্ষা করান না। তবে দিবসকেন্দ্রিক বিনা মূল্যে পরীক্ষার দিন অনেকেই পরীক্ষা করান। এতে প্রতিবছর নতুন নতুন রোগী শনাক্ত হয়।
সরকারি একটি পুরোনো ভবন ইজারা নিয়ে চলছে কার্যক্রম। ভবনটি এতই জরাজীর্ণ যে বৃষ্টি হলে পানি পড়ে।বিশ্বজিৎ রায় চৌধুরী, ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি কেন্দ্রের চিকিৎসক
চিকিৎসক বিশ্বজিৎ রায় আরও জানান, সমিতির অধীনে বর্তমানে প্রায় ১০ হাজার রোগী আছেন। তাঁরা ছাড়াও রোগী আসেন। আগের চেয়ে ডায়াবেটিস রোগ বিষয়ে সচেতনতাও বেড়েছে। তবে সাধারণত যাঁরা এ রোগে আক্রান্ত, তাঁরাই বেশি পরীক্ষা ও চিকিৎসাসেবা নেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত ডায়াবেটিক সমিতির সামনে ছয়জন রোগীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, চিকিৎসার পাশাপাশি নিয়মিত হাঁটা ও সঠিক খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কে প্রতিদিন সকালে তাঁরা হাঁটেন। মো. নুরুল আলম নামের একজন বলেন, সকালে হাঁটার সময় কম বয়সী মানুষদের দেখা যায়। তাঁদের অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আগেই নিয়মিত হাঁটেন। এটা ভালো বিষয়।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সূত্রে আরও জানা যায়, চিকিৎসাসেবা ও সচেতনতার জন্য ২০০৫ সালে এ সমিতি গঠন করা হয়। শুরুতে নগরের ধোপাখলা এলাকায় ভাড়া বাড়িতে কার্যালয় থাকলেও, এখন নগরের হরিকিশোর রায় সড়ক ও গোলপুকুর পাড়ে দুটি চিকিৎসাসেবা কেন্দ্র রয়েছে।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির দপ্তর সম্পাদক বলেন, ময়মনসিংহ একটি বিভাগীয় নগর। বর্তমানে এ বিভাগের নেত্রকোনা ও শেরপুর জেলাতেও ডায়াবেটিক সমিতির বহুতল ভবন হয়েছে। কিন্তু ময়মনসিংহে এখনো জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।