জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র ও তিনটিতে আলট্রাসনোগ্রাম যন্ত্র নষ্ট।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামের হুমায়ুন কবীর (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বুক ও পায়ের ব্যথা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রথমে এক্স-রে করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের এক্স–রে যন্ত্র নষ্ট। বাধ্য হয়ে হুমায়ুনের স্বজনেরা একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর এক্স-রে করিয়েছেন। এতে তাঁর খরচ হয় ৮৫০ টাকা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে বুকের এক্স-রে করালে সরকারি ফি হিসেবে জমা দিতে হয় ১২০ টাকা। আর পায়ের একাংশের জন্য ৮০ টাকা। এক্স-রে যন্ত্র নষ্ট হওয়ায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সেই পরীক্ষা করাতে তাঁর বাড়তি খরচ হয়েছে ৬৫০ টাকা।
হাওর উপজেলা খালিয়াজুরির পুরানহাটি গ্রামের মহসিন মিয়া পেটে ব্যথা নিয়ে গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসক তাঁকে আলট্রাসনোগ্রাম করানোর পরামর্শ দেন। কিন্তু ওই হাসপাতাল চালুর পর থেকে এখন পর্যন্ত কিছু রক্তের পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা চালু করা সম্ভব হয়নি। পরে তিনি জেলা শহরের জয়নগরে একটি ডায়াগনস্টিক সেন্টারে সেই পরীক্ষা করান ১ হাজার ২০০ টাকায়। অথচ সরকারি হাসপাতালে এই পরীক্ষায় ব্যয় হতো ৩০০ টাকা। মহসিন পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছেন। হাসপাতালে নানা ধরনের পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা না থাকায় মহসিনের মতো অনেক নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়ছেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরির মতো বারহাট্টা, মোহনগঞ্জ, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। কোনোটি সাত মাস, কোনোটি এক বছর আবার কোনোটি সাত বছর ধরে এভাবে অকেজো অবস্থায় পড়ে আছে। আর কেন্দুয়া, খালিয়াজুরি ও মদনে আলট্রাসনোগ্রাম যন্ত্রও অচল অবস্থায় পড়ে আছে। যেসব উপজেলায় আলট্রাসনোগ্রাম বা এক্স-রে যন্ত্র সচল আছে, সেসব উপজেলাতে আবার রেডিওগ্রাফার বা সনোলজিস্ট না থাকায় রোগীরা দুর্ভোগে পড়ছেন।
বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি সাত বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। ওই যন্ত্র ২০০৯ সালের মে মাসে বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর ২০১২ সালের জানুয়ারিতে লোক নিয়োগ হলে যন্ত্রটি চালু করা হয়। কিন্তু ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে যন্ত্রটি নষ্ট হলে দেশের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার যন্ত্রটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ২০২০ সালের আগস্টে স্বাস্থ্য বিভাগ নতুন একটি অ্যানালগ এক্স-রে যন্ত্র বরাদ্দ দেয়। বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে নতুন যন্ত্রটিও চালু করা যাচ্ছে না।
রোগীরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বা আলট্রাসনোগ্রাম যন্ত্র ঠিক থাকলে তাঁরা দু-তিন গুণ কম খরচে পরীক্ষা করাতে পারতেন। কারণ, বেসরকারি ক্লিনিকে একদিকে বেশি টাকা খরচ হয়। এ ছাড়া আসা-যাওয়ার ভাড়া, ভোগান্তিসহ সময় অপচয় হয়।
নেত্রকোনা সদর হাসপাতালের রেডিওগ্রাফার মো. আমিনুল ইসলাম জানান, সরকারি হাসপাতালে ডিজিটাল যন্ত্রে ছোট আকারের ১২০ টাকা এবং বড় আকারের এক্স–রে করাতে ১৫০ টাকা করে নেওয়া হয়।
বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক বলেন, ‘হাসপাতালের এক্স-রে যন্ত্রটি নষ্ট থাকায় শহরে গিয়ে রোগীদের পরীক্ষা করাতে প্রচুর টাকা খরচ হচ্ছে। বিভিন্ন সভায় এ নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’