পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের এক শিক্ষার্থী র‍্যাগিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলের ওই ঘটনার পর তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই ঘটনার বিষয়ে জানা যায়।

সেখানে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানকে র‍্যাগ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বিজ্ঞান অনুষদের ডিন মো. ফজলুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফার্মেসি বিভাগের একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি মেসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর নবীনদের সঙ্গে খারাপ ব্যবহার, দোষত্রুটি খোঁজা ও বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে একপর্যায়ে মুশফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. রাশেদুল হক। তিনি বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।