মানিকগঞ্জের হরিরামপুর থানা। সম্প্রতি তোলা
মানিকগঞ্জের হরিরামপুর থানা। সম্প্রতি তোলা

মানিকগঞ্জে তরুণের কাছ থেকে টাকা ছিনতাই, এএসআইকে প্রত্যাহার

মানিকগঞ্জের হরিরামপুর থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে তরুণকে থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার এএসআই সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

একই ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত আলমগীর হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কর্মকারকান্দি বয়ড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বলড়া গ্রামের বাসা থেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তায়েফ হোসেন (২০)। দুপুর ১২টার দিকে বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় এএসআই সোহেল রানা ও আলমগীর তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন। তাঁরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন। এরপর মোটরসাইকেলের চাবি নিয়ে তায়েফের কাছে থাকা টাকা ও মুঠোফোন নিয়ে তাঁরা শরীর তল্লাশি করেন।

তায়েফের ভাষ্য, তাঁর কাছে অবৈধ কিছু আছে কি না, তা জানতে চেয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাপড় খুলে তল্লাশি করা হয়। তাঁর কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ও মুঠোফোন নেওয়া হয়। পরে মুঠোফোনটি ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে এএসআই সোহেল ও আলমগীর ইজিবাইকে করে চলে যান। ঘটনার পর সন্দেহ হলে তায়েফ ও তাঁর বন্ধুরা তাঁদের পিছু নেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ায় এএসআই সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
মোহাম্মদ আফজাল হোসাইন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

পরে হরুকান্দি ইউনিয়ন পরিষদের সামনে এএসআই সোহেল ও আলমগীরকে দেখতে পান। এ সময় এএসআই সোহেল মোটরসাইকেল নিয়ে চলে যান। স্থানীয় লোকজন আলমগীরকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের কাছে তিনি দাবি করেন, এএসআই সোহেলের নির্দেশে তিনি তায়েফের মোটরসাইকেল থামিয়ে টাকা ও মুঠোফোন নিয়েছিলেন। পরে মুঠোফোন ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে এএসআই চলে যান।

এদিকে অভিযোগের বিষয়ে এএসআই সোহেল রানার বক্তব্য জানতে আজ বুধবার সকালে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ায় এএসআই সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।