শ্রীমঙ্গলে গন্ধগোকুল, কালিম পাখি ও অজগর উদ্ধার

গত দুই দিনে তিনটি বন্য প্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বুধ ও বৃহস্পতিবার ছবিগুলো তোলা
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই দিনে তিনটি বন্য প্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার রাতে একটি অজগর এবং গত বুধবার একটি গন্ধগোকুল ও একটি আহত কালিম পাখি উদ্ধার করে তারা। পরে প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন থেকে জানা গেছে, গত বুধবার শহরতলির কালীঘাট সড়কের তফাদার ভিলা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়। প্রাণীটি অনেক দিন থেকেই বাড়ির আশপাশে ঘোরাফেরা করত। বুধবার বাড়ির ভেতরে ঢুকে পড়লে সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা বেলা ১১টার দিকে উদ্ধার করে। বুধবার সকালে উপজেলার লইয়ারকুল এলাকায় আহত অবস্থায় একটি কালিম পাখি মাটিতে পড়ে থাকতে দেখে সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে। গতকাল রাতে উপজেলার নওয়াগাঁও গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মসজিদ মার্কেটের সামনে একটি চার ফুট লম্বা অজগর দেখে লোকজন আতঙ্কিত হন। খবর পেয়ে সেটিও উদ্ধার করে নিয়ে আসেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণীর বাসস্থান ও খাদ্যসংকটের কারণে প্রায়ই এসব প্রাণী বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। বনের ভেতর যে পরিমাণ পর্যটক প্রতিদিন প্রবেশ করেন, তাতে করে প্রাণীদের অসুবিধা হচ্ছে। তিনি বলেন, ‘লোকালয়ে সাপ বা এ ধরনের প্রাণী চলে এলে সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন। আমাদেরও ফোন করা হয়। আমরা প্রায়ই খবর পেয়ে লোকালয় থেকে এসব প্রাণী উদ্ধার করে আনি। এর মধ্যে অনেক প্রাণীই থাকে, যারা লোকালয়ে আসার কারণে মানুষের তাড়া খেয়ে আহত হয়।’

সজল দেব আরও বলেন, ‘ইদানীং একটি জিনিস আমরা লক্ষ করেছি, আগে লোকালয়ে বন্য প্রাণী বিশেষ করে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা ছিল মানুষের। এখন সেটা নেই। মানুষ প্রাণীগুলো তাড়িয়ে দেয়, না হয় আমাদের ফোন করে জানায়। এখন তো দিন দিন বনজঙ্গল পরিষ্কার করে কত কিছুই হচ্ছে। ছোট ছোট প্রাণীর থাকার জায়গা কমছে। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীগুলো আগের মতো নেই। লোকালয়ে বন্য প্রাণী আসা ঠেকাতে লাউয়াছড়াকে এসব প্রাণীর সুযোগ–সুবিধাসম্পন্ন রাখা ও বনে সীমিত পর্যটক ঢোকার ব্যবস্থা করতে হবে।’

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা গন্ধগোকুলটি বুধবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। কালিম পাখিটি অসুস্থ থাকায় লাউয়াছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অজগরটি পর্যবেক্ষণে রেখে শিগগিরই ছেড়ে দেওয়া হবে।