পুলিশের হাতে গ্রেপ্তারের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রুবেল দে নামের এক হাজতির মৃত্যু হয়েছে। এ অভিযোগে পুলিশ সুপার, ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ব্যক্তির স্ত্রী। এ নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নেসা এ আদেশ দেন। গত বুধবার একই আদালতে মামলাটি করেছিলেন নিহত ব্যক্তির স্ত্রী পূরবী পালিত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩–এর ১৫(২) ধারায় মামলাটি করা হয়। আদালত পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাদীর নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটিকে নির্দেশ দেন। ২৭ মার্চ মামলার পরবর্তী তারিখ রয়েছে।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) মুহাম্মদ মঞ্জুর হোসেন; বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন; পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম; এসআই এস এম আবু মুসা; এএসআই মাঈন উদ্দিন, সাইফুল ইসলাম; কনস্টেবল কামাল, আবদুল্লাহ, এস আই রিযাউল জব্বার; ডিউটি অফিসার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ এমরান হোসেন মিয়া; ডেপুটি জেলার নওশাদ মিয়া, মো.আখেরুল ইসলাম, সুমাইয়া খাতুন, ইব্রাহিম ও ১৫ নম্বর পদ্মা কারা ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার (নাম জানা যায়নি)।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ জানুয়ারি বিকেলে বোয়ালখালীর দক্ষিণ জৈষ্ঠ্যপুরার বাড়ি থেকে রুবেলকে আটক করে পুলিশ। বোয়ালখালী থানার ওসির নির্দেশে এসআই এস এম আবু মুসা তাঁকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার হওয়ার ‘মিথ্যা তথ্য’ দিয়ে মামলার আসামি করা হয়। এর আগে তাঁকে ছাড়িয়ে নিতে পুলিশ ‘দুই লাখ’ টাকা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রুবেলের পরিবার টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। পুলিশের মারধরে রুবেল গুরুতর আহত হন। কিন্তু বিষয়টি গোপন রেখে তাঁকে চিকিৎসা না দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে দেখতে তাঁর স্বজনেরা কারাগারে গেলে কারারক্ষীরা তাঁকে হুইলচেয়ারে বসিয়ে সাক্ষাৎকার কক্ষে নিয়ে আসেন। স্বজনেরা রুবেলের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ও কালো দাগ দেখতে পান।
রুবেলের আইনজীবী ৪ জানুয়ারি রুবেলের চিকিৎসা নিশ্চিত করার জন্য আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। শুনানি শেষে আদালত সিনিয়র জেল সুপারকে রুবেলের চিকিৎসা করার নির্দেশ দেন। পরদিন সকালে রুবেলের স্ত্রী তাঁর স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন। পরে চট্টগ্রাম মেডিকেলের মর্গে গিয়ে রুবেলের মৃতদেহ দেখতে পান। অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের যোগাসাজশে রুবেলকে নির্যাতনের পর তাঁকে কারা হেফাজতে রেখে পরিকল্পিতভাবে খুন করেছেন বলে দাবি করেন তাঁর স্ত্রী।
জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, কারাগারে কোনো বন্দীকে নির্যাতন করা হয়নি। নিয়ম অনুযায়ী মারা যাওয়া বন্দীর ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।