চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

মিসরের গোল করা নিয়ে উল্লাস, ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনার ভক্ত

পাড়ার দোকানে একসঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসর ম্যাচটি উপভোগ করছিলেন কয়েকজন। খেলা শুরুর পর মিসরের খেলোয়াড় আর্জেন্টিনার জালে গোল করতেই উল্লাস করেন ব্রাজিলের এক সমর্থক। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে পেটানোর অভিযোগ উঠেছে এক আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাঁটাছাড়া ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্রাজিল সমর্থকের নাম মাঈনুদ্দিন মিঠু (৩৫)। তিনি তেতৈয়া এলাকার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইরফান উদ্দিন বলেন, আর্জেন্টিনার জালে গোল করা নিয়ে উল্লাস করায় মিঠুর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ঘটনাস্থলে থাকা আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)। পরে বিষয়টি দুজনের মারামারিতে গড়ায়। এর একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে মাঈনুদ্দিনের ডান চোখের ওপরে আঘাত করেন সাকিব। এতে মাঈনুদ্দিনের মুখ থেকে রক্ত ঝরতে থাকে। মাঈনুদ্দিনের ঘুষিতে সাকিবও মাথায় আঘাত পেয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে এলাকায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি। জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ প্রথম আলোকে বলেন, রাতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারিতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর ডান চোখের ওপরে পাঁচ সেন্টিমিটার লম্বা এবং পাশে দুই সেন্টিমিটার ও এক সেন্টিমিটারের গভীর ক্ষত ছিল। ডান চোখের কোনায় আঘাত ও ফোলা ছিল।

চিকিৎসক রাজু সিংহ আরও বলেন, ‘আঘাত দেখে ধারণা করা হচ্ছে, লাঠি বা কাঠের টুকরা দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। আঘাত পাওয়ার পর বেশ কয়েকবার বমি করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’