সড়ক দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করছেন স্থানীয় লোকজন
সড়ক দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করছেন স্থানীয় লোকজন

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু

কক্সবাজার সদরের খরুলিয়া বাজার এলাকায় আজ শনিবার বেলা দেড়টার দিকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। খরুলিয়া বাজার এলাকাটি পড়েছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে।

নিহত দুই তরুণ হলেন মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। তাঁদের বাড়ি কক্সবাজার সদরের বাংলাবাজারে। এ ঘটনায় মো. সানি (১৯) নামের আরও একজন আহত হয়েছেন। তাঁর বাড়ি ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল গ্রামে। মোটরসাইকেল আরোহী তিন বন্ধু একসঙ্গে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দিন বলেন, দুপুরে খরুলিয়া বাজারের কাছে খরুলিয়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকায় কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী তিন তরুণ আহত হন। স্থানীয় লোকজন আহত তরুণদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

পরিদর্শক নাছির উদ্দিন বলেন, নিহত দুই তরুণের বাড়ি বাংলাবাজার হলেও তাৎক্ষণিকভাবে বাড়ির পূর্ণ ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।