চাঁদপুর-৪ আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক দুজন
চাঁদপুর-৪ আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক দুজন

ফরিদগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, দুজনের এক মাস কারাদণ্ড

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) আবদুল হান্নান ও বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬)। তাঁদের মধ্যে একজন ধানের শীষ সমর্থক ও অপরজন চিংড়ি প্রতীকের সমর্থক।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংঘর্ষের বিষয়ে চিংড়ি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান বলেন, ধানের শীষের পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে এসব হামলার ঘটনা ঘটান বিএনপি প্রার্থী হারুনুর রশিদ ও তাঁর সমর্থকেরা।

আর হারুনুর রশিদ বলেন, ‘আমরা কোথাও কারও ওপর হামলা করিনি। বরং আমাদের লোকজনের ওপর তারা হামলা করেছে। আমরা প্রশাসনকে জানালে প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।’