দুই মাস পরিচর্যার পর লক্ষ্মীপ্যাঁচার তিনটি ছানা উড়তে শিখলে আজ তাদের প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে
দুই মাস পরিচর্যার পর লক্ষ্মীপ্যাঁচার তিনটি ছানা উড়তে শিখলে আজ তাদের প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে

উড়তে শেখার পর প্রকৃতিতে ফিরল ৩ লক্ষ্মীপ্যাঁচা

পুনর্বাসনকেন্দ্রে দুই মাস পরিচর্যার পর উড়তে শেখে লক্ষ্মীপ্যাঁচার তিনটি ছানা। আজ বৃহস্পতিবার রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় বন বিভাগের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্র থেকে তাদের প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ ছানা তিনটিকে প্রকৃতিতে অবমুক্ত করেন। এ সময় বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, ফরেস্টার গোলাম কবির ও জুনিয়র ওয়াইল্ড স্কাউট ছানাউল ইসলাম উপস্থিত ছিলেন।

বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, গত ৩০ অক্টোবর নগরের সুলতানাবাদ এলাকার একটি বাসা থেকে ছানা তিনটি উদ্ধার করা হয়। এলাকার একটি বাসায় মা প্যাঁচা বাচ্চা ফুটিয়েছিল। বাচ্চা ওঠার পরে গৃহকর্তা প্যাঁচার উপস্থিতি টের পান। দুর্গন্ধ ছড়ায় বলে তিনি বন বিভাগে খবর দেন। পরে তাঁরা গিয়ে গিয়ে দেখেন, ছানাগুলোর বয়স ১০ থেকে ১৫ দিন হয়েছে। এ অবস্থায় ছেড়ে দিলে প্রকৃতিতে টিকতে পারবে না এগুলো। তাঁরা বাড়ির মালিককে বোঝান, কিছুদিন অপেক্ষা করলেই এগুলো উড়তে শিখবে। তখন ছানাগুলোর মা অন্য কোথাও নিয়ে যাবে অথবা ওরা নিজেরাই উড়ে যাবে।

জাহাঙ্গীর কবির বলেন, বাড়ির মালিককে বিষয়টি বোঝানো হলেও তিনি বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন। কল সেন্টারে ফোন করে অসুবিধার কথা জানান। বাধ্য হয়ে তাঁরা ছানা তিনটি উদ্ধার করে পুনর্বাসনকেন্দ্রে এনে রাখেন। টানা দুই মাস পরিচর্যার পর ছানাগুলো উড়তে শিখেছে। এখন এরা প্রকৃতিতে নিজেরাই শিকার ধরে খেতে পারবে। এটা নিশ্চিত হওয়ার পর আজ তাদের অবমুক্ত করা হয়েছে।