মারধর
মারধর

গাজীপুরে মাদকবিরোধী সভা শেষে ফেরার পথে মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে ফেরার পথে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে।

আহত দুজন হলেন উপজেলার জাথালিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২২)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সাতকুড়া এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় লোকজনের উদ্যোগে শুক্রবার বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় সাতকুড়া ও আশপাশ এলাকার শতাধিক মানুষ অংশ নেন। সভা শেষে সন্ধ্যার দিকে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরছিলেন। এ সময় হামলাকারীরা হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে দুই যুবককে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে নাঈম ও সাদ্দাম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চান মিয়া (৬০), তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০) এবং ছেলের স্ত্রী শিল্পী আক্তারকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত নাঈম ইসলাম ও সাদ্দাম হোসেন অভিযোগ করেন, ‘মাদকবিরোধী সভা শেষে ফেরার সময় চান মিয়া, তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে আমাদের কুপিয়ে গুরুতর আহত করে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আছে। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য পাওয়া যায়। ভুক্তভোগীরা রাতেই তাঁদের নামে মামলা করেন। আজ সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।