
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাবের প্রতিবাদে দুই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল রাত ১০টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ভাইভা কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মামা–খালুর সুপারিশ, চলবে না চলবে না’ ও ‘ভাইভার নামে দলীয়করণ, বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধনে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে প্রকৃত মেধাবীদের অবমূল্যায়িত হওয়ার সুযোগ তৈরি হবে। এতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় সুপারিশ ও প্রভাব কাজ করার আশঙ্কা আছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিতর্কিত সিদ্ধান্ত বাতিল না হলে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে একই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, ইমরান সরকার, শিবলী সাদিক, মেহমুদ হোসেন প্রমুখ।
গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।