চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক

নেই পর্যাপ্ত ইউটার্ন, ভোগান্তি 

সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। এর মধ্যে ইউটার্ন মাত্র দুটি। রাস্তা পারাপারে ভোগান্তি। ঝুঁকি নিয়ে উল্টো পথে যাত্রা।

অল্প দূরত্বে ইউটার্ন না থাকায় উল্টো পথে চলছে গাড়ি। সম্প্রতি গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায়
ছবি: প্রথম আলো

সড়কটির দুই পাশে অসংখ্য পোশাক কারখানা, সরকারি দপ্তর ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ সড়কে প্রতিনিয়ত এসব প্রতিষ্ঠানের যানবাহন ও মানুষের চলাচল। কিন্তু সড়কটিতে নেই পর্যাপ্ত ইউটার্ন বা গাড়ি ঘোরানোর জায়গা। এ কারণে যানবাহনগুলোর কোনোটি চলছে উল্টো পথে, কোনোটিকে ঘুরতে হচ্ছে দীর্ঘ পথ। এতে যান চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি। সময় বিড়ম্বনার পাশাপাশি চলাচলে দেখা দিয়েছে চরম জনভোগান্তি।

এমন চিত্র গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটারজুড়ে। সড়কটিতে চলছে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজ। কাজের অংশ হিসেবে পুরো সড়কে তৈরি করা হচ্ছে আলাদা বিআরটি লেন। কিন্তু পর্যাপ্ত ইউটার্ন বা যানবাহন ঘোরানোর জায়গা না রাখায় প্রতিদিনই এই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের ভুগতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা, যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি গাজীপুর শহর জয়দেবপুরে প্রবেশের মূল রাস্তা। দুই পাশে রয়েছে গাজীপুর মহানগর পুলিশের কার্যালয়, জেলা পুলিশ লাইনস, গাজীপুর সড়ক বিভাগের কার্যালয়, জেলা কারাগার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জেলা জনস্বাস্থ্য কার্যালয়, বিভিন্ন পোশাক ও শিল্পকারখানাসহ অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অসংখ্যবার এই সড়ক পার হতে হয় এসব প্রতিষ্ঠানের যানবাহন ও মানুষকে। কিন্তু সড়কটিতে পর্যাপ্ত ইউটার্ন বা জেব্রা ক্রসিং না থাকায় প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাঁদের।

তবে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, সড়কটির শিববাড়ি, তিন সড়ক মোড় ও গাজীপুর মহানগর কার্যালয় এলাকায় মোট তিনটি ইন্টারসেকশন থাকবে। সেখানে নির্দিষ্ট সময় সময় পরপর সিগন্যাল ফেলার মাধ্যমে যানবাহন ও পথচারীরা রাস্তা পারাপার হবেন। এতে কোনো ভোগান্তি থাকবে না।

বিআরটি প্রকল্পের পরিচালক এ এস এম ইলিয়াস শাহ বলেন, যেহেতু এটা একটি বিশেষ সড়কব্যবস্থা, তাই এখন আর আগের মতো যেখানে–সেখানে রাস্তা পারাপারের সুযোগ নেই। নির্বিঘ্ন বা নিরাপদ যাতায়াতের কারণেই এটা করা হয়েছে। তাই একটু লম্বা পথ ঘুরেই মানুষকে রাস্তা পার হতে হবে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুরো সড়কেই চলছে বিআরটির উন্নয়নকাজ। পুরো সড়কই কাটাছেঁড়া। কাজ করতে গিয়ে কোথাও গর্ত করে রাখা হয়েছে, কোথাও মাটি খোঁড়া হয়েছে, কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নির্মাণসামগ্রী। এর মধ্যে পুরো সড়কে তিনটি লেন। মাঝখানে বিআরটি লেন। দুই পাশে দুটি সাধারণ লেন। বিভাজকের মাধ্যমে বিআরটির লেনটি আলাদা করা হয়েছে। এর ফলে কোনো যানবাহনই লেন পরিবর্তন করতে পারছে না। এর মধ্যে সড়কের তিন সড়ক মোড় ও গাজীপুর মহানগর পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে দুটি ফাঁকা জায়গা রাখা হয়েছে। রাস্তা পার হতে হলে যানবাহনগুলোকে লম্বা পথ পাড়ি দিয়ে এই দুটি জায়গা ব্যবহার করতে হচ্ছে। নয়তো যেতে হচ্ছে শিববাড়ি অথবা চান্দনা চৌরাস্তা।

কায়সার আহমেদ নামে একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ‘এখানে আমাদের কারখানা হলেও কাপড়ের মূল কাজ হয় টঙ্গীর ডায়িং কারখানায়। প্রতিদিনই মালামাল নিয়ে সেখানে যাওয়া–আসা করতে হয়। এর মধ্যে প্রতিবারই পুরো পথ ঘুরে রাস্তা পার হতে হয়। আগে এ সমস্যা ছিল না। এটি একটি বিড়ম্বনা।’

এ বিষয়ে কথা হলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা এটা নিয়ে কাজ করছেন।’