জীর্ণ ঘরে চিকন ডালা চাকমার নিঃসঙ্গ জীবন

ভাঙাচোরা ঘরের দরজায় বসে আছেন নিঃসঙ্গ চিকন ডালা চাকমা। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার সিনেমা হল এলাকায়
ছবি: প্রথম আলো

ভাঙাচোরা বেড়ার ঘর, চালায় পলিথিন আর ভাঙা টিন দিয়ে কোনোরকমে ছাউনি দেওয়া। বৃষ্টি হলে পানি পড়ে। শীতকালে বেড়ার ফাঁকে প্রচুর বাতাস ঢোকে। ভাঙাচোরা এই ঘরে নিঃসঙ্গ জীবন কাটে চিকন ডালা চাকমার (৭০)। এলাকাবাসী কিছু দিলে খেতে পারেন, না হয় থাকেন উপোস।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের সিনেমা হল এলাকায় থাকেন চিকন ডালা চাকমা। স্বামী–সন্তান কেউ নেই তাঁর। ভাগ্যে জোটেনি একটি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড।

সম্প্রতি উপজেলা সদরের সিনেমা হল এলাকায় গিয়ে দেখা যায়, শীতের সকালে জীর্ণ ঘরের সামনে বসে আছেন চিকন ডালা চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালে স্বামী টেংগু চাকমা মারা যান। তাঁর কোনো সন্তানও নেই। অনেক বছর আগে সরকারি জায়গায় এলাকাবাসী ছোট একটি ঝুপড়ি ঘর করে দিয়েছেন। সেই ঘরেই বসবাস করেন তিনি। ঘরটিতে এখন বৃষ্টি হলে পানি পড়ে। শীতকালে বেড়ার ফাঁকে প্রচুর ঠান্ডা বাতাস ঢোকে। রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। কোনো আয় নেই, ভিক্ষা করার মতোও শক্তি নেই।

এলাকাবাসী সব সময় খাবারদাবার দিয়ে সহযোগিতা করেন উল্লেখ করে চিকন ডালা বলেন, তাঁর একটি বয়স্ক ভাতার কার্ড প্রয়োজন। মাসে মাসে ভাতার যে টাকা পাবেন, সে টাকা দিয়ে কিছু কিনে হলেও খেতে পারবেন। একটি বয়স্ক ভাতার কার্ড হলে তাঁর খুব উপকার হবে।

প্রতিবেশী ধনক্কো চাকমা (৪০) ও মিলি চাকমা (৩৫) বলেন, চিকন ডালা খুব অসহায় জীবন যাপন করেন। তাঁর আপনজন বলতে কেউই নেই। ঘরটিও খুবই ভাঙাচোরা। তাঁরা বিভিন্নভাবে তাঁকে সাহায্য–সহযোগিতা করে থাকেন। তাঁর জন্য একটি সরকারি পাকা ঘর ও একটি বয়স্ক ভাতার কার্ড হলে অনেক উপকার হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম প্রথম আলোকে বলেন, চিকন ডালা চাকমার অসহায়ভাবে বসবাস করার কথা শুনে তিনি সরেজমিনে গিয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি যাতে বয়স্ক ভাতার সুবিধা পান, সে বিষয়ে সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।