রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন

‘কই, কোথায়? স্টুডেন্ট কোথায়?’ শ্রেণিকক্ষে ঢোকার আগেই জানতে চাইলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষিকা হাত দিয়ে দেখিয়ে বললেন, ‘স্যার, আমার ছাত্রী এইটা।’ মন্ত্রী অবাক হয়ে জানতে চাইলেন, ‘এই একজন?’ শিক্ষিকা বললেন, ‘হ্যাঁ স্যার।’ আবার মন্ত্রীর প্রশ্ন, ‘এটা কী ক্লাস? একজন ছাত্রী!’ শিক্ষিকা বললেন, ‘পলিটিক্যাল সায়েন্স।’

শিক্ষামন্ত্রী আবারও বললেন, ‘একজন!’ শিক্ষিকার জবাব, ‘হ্যাঁ স্যার, ক্লাস আছে। ছাত্রছাত্রী ১৯ জন।’ মন্ত্রী জানতে চাইলেন, ‘কোথায়?’ শিক্ষিকা বললেন, ‘আসেনি স্যার।’ মন্ত্রীর প্রশ্ন, ‘কেন?’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থী উপস্থিতির এমন অবস্থা দেখেছেন শিক্ষামন্ত্রী। সকালে তিনি রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নেমে সড়কপথে নাটোরে যাচ্ছিলেন। পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান মন্ত্রী।

কলেজে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকেরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার ১১টা ৩৮ মিনিটে কলেজে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। প্রায় ১৮ থেকে ২০ মিনিট সেখানে অবস্থান করেন তিনি। সরাসরি দোতলায় উঠে শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন। পরিদর্শনের দুইটি ভিডিও মন্ত্রীর ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

একটি শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পাশের আরেকটি কক্ষে ঢুকেও একই চিত্র দেখতে পান মন্ত্রী। সেখানে একজন শিক্ষার্থীকে দেখে তিনি বলেন, ‘একজন! কিসের ক্লাস এটা?’ শিক্ষিকা বলেন, ‘সেকেন্ড ইয়ার।’ মন্ত্রী প্রশ্ন করেন, ‘ইন্টারমিডিয়েট?’ শিক্ষিকা বলেন, ‘সেকেন্ড ইয়ার।’

এরপর মন্ত্রী জানতে চান, ‘ছাত্রছাত্রী কয়জন?’ শিক্ষিকা বলেন, ‘আমাদের ১৫ জন স্টুডেন্ট। তো মেয়েরা পড়ে তো, ১৫ জন স্টুডেন্ট।’ মন্ত্রী বলেন, ‘হ্যাঁ।’ শিক্ষিকা তখন বলেন, ‘তো মেয়েরা আসে না, এখন একজন আসছে।’ এ কথা শুনে মন্ত্রী বলেন, ‘একজন আসছে! এই সচিব সাহেবকে ডাকো।’

অধ্যক্ষের ভাষ্য, কলেজে কেবল উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। বর্তমানে প্রথম বর্ষে ৭৫ জন এবং দ্বিতীয় বর্ষে ১৬৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। মন্ত্রী পরিদর্শনের সময় কলেজে প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে তাঁর দাবি।

এরপর কলেজের এক শিক্ষকের কাছে জানতে চান, ‘আপনার একজন ছাত্রী?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘না স্যার, ওই দিকে ক্লাসে অনেকেই ঢুকছে না। এই সময়...।’ তখন মন্ত্রী জানতে চান, ‘মানে কয়টার সময় ক্লাস শুরু হয়?’

শিক্ষক বলেন, ‘ক্লাস সাড়ে ১১টায় শুরু হয়।’ মন্ত্রী বলেন, ‘এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’

জবাবে শিক্ষক বলেন, ‘স্যার, এখন সাড়ে ১১টার ক্লাস আছে। স্যাররা ঢুকছেন, ছেলেমেয়েরা হয়তো বাইরে বাইরে থাকে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘বাইরে বাইরে থাকে!’ তখন ওই শিক্ষক বলেন, ‘মানে এই যে আমিও...ছেলেমেয়েদের বলছি যে ক্লাসে যাও, ক্লাসে যাও।’

তখন মন্ত্রী বলেন, ‘এখানে তো একজন আসছে।’ শিক্ষক জবাবে বলেন, ‘জি স্যার। আমি আরও ১০-১২ জন খুঁজে এক করছি, আপনি তো জানেন স্যার। উপস্থিতি অনেক কম স্যার। এত অনিয়মিত স্যার, এটা আফসোস।’ এ সময় আরেক কর্মকর্তা বলেন, ‘ক্লাসে আনতেই পারে না স্যার।’

রাষ্ট্রবিজ্ঞানের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে মাত্র একজন শিক্ষার্থীর (বোরকা পরিহিত) উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

যা বললেন কলেজ অধ্যক্ষ

দুপুরে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলে প্রথম আলোর। তিনি বলেন, মন্ত্রী বেল ১১টা ৩৮ মিনিটে আকস্মিকভাবে কলেজে প্রবেশ করেন। প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন। হঠাৎ মন্ত্রীর গাড়ি কলেজে ঢুকতে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। মন্ত্রী সরাসরি শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন।

অধ্যক্ষের ভাষ্য, কলেজে কেবল উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। বর্তমানে প্রথম বর্ষে ৭৫ জন এবং দ্বিতীয় বর্ষে ১৬৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। মন্ত্রী পরিদর্শনের সময় কলেজে প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে তাঁর দাবি।

অধ্যক্ষ জানান, গার্হস্থ্য বিজ্ঞান ও জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। গার্হস্থ্য বিজ্ঞানে মোট শিক্ষার্থী ১৫ থেকে ১৬ জন এবং জীববিজ্ঞানে ৫ থেকে ৬ জন। মন্ত্রীর পরিদর্শনের সময় ওই দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী ছিল। তবে বাংলা ও মনোবিজ্ঞানের ক্লাসে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার বিষয়ে অধ্যক্ষ বলেন, অনেক শিক্ষার্থী কলেজে এলেও শ্রেণিকক্ষে না গিয়ে বাইরে ঘোরাঘুরি করে। তাদের ক্লাসমুখী করতে কলেজ কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করে। তাঁর কাছে শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন নম্বর রয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয় এবং অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়। আসন্ন নির্বাচনী পরীক্ষার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দীন আল মাহমুদ।