চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের ‘বিদ্রোহী’, জাপা ও জাসদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ রোববার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা।

নির্বাচনী লড়াইয়ে বাদ পড়া এই প্রার্থীরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজুর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মনিরুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী সরকার মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের যে সমর্থনসূচক স্বাক্ষর জমা দিয়েছিলেন, সেখানে দৈবচয়নের মাধ্যমে যাচাই–বাছাইয়ে একজন ভোটার বলেন, তিনি স্বাক্ষর দেননি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ঋণখেলাপি ব্যক্তিদের তালিকায় জাপার প্রার্থী মোস্তাফিজুর রহমান ও জাসদের প্রার্থী মনিরুজ্জামানের নাম থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।