লালমনিরহাটে আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যর যাবজ্জীবন

কারাগার
প্রতীকী ছবি

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ জন সদস্যকে আজ বুধবার যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমনিরহাট বিশেষ ট্রাইবুনাল-১–এর বিচারক ও দায়রা জজ মো. মিজানুর রহমান ওই রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত পাঁচজন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর মুশরত মদাতি গ্রামের মো. হাসান আলী ওরফে হোসেন আলী ওরফে লাল, মো. আসমত আলী ওরফে লাল্টু, মো. আবু নাঈম ওরফে মিস্টার, মো. আলী হোসেন ও চর ভোটমারী গ্রামের মো. শাফিউল ইসলাম ওরফে সাদ্দাম।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯–এর ধারা ৬ (২) মোতাবেক অভিযুক্ত পাঁচজনের প্রত্যেককে ওই যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড, ৭ ধারা অনুযায়ী ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড, ৮ ধারা অনুযায়ী ছয় মাস করে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড থেকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড, ৯ ধারা অনুযায়ী সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থ দণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ১৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে সাজা একসঙ্গে শুরু হওয়ায় তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ বলেন, সাজাপ্রাপ্ত পাঁচজন আসামিকে রায় ঘোষণার পর বুধবার বিকেলে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, কালীগঞ্জের মুশরত মদাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দুয়ারি দোচালা টিনের ঘরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা অবস্থান করছেন। এমন খবর পেয়ে ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় রংপুরের র‌্যাব-১৩–এর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ১০–১২ জন জঙ্গি দৌড়ে পালিয়ে যান। তবে ওই পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃদের মধ্যে হাসান আলী, আসমত আলীর কাছ থেকে ইউএসএ নির্মিত পিস্তল ও তাজা গুলি, শফিউল ইসলামের কাছ থেকে ৪০০ গ্রাম গানপাউডার, আবু নাঈম এবং মো. আলী হোসেনের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন প্রচারপত্র ও বই–পুস্তক উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা করা হয়। ওই মামলায় অভিযুক্ত ও আটক পাঁচজন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাটের আদালতে সোপর্দ করা হয়।