মতবিনিময় সভায় বক্তারা

হরিজনদের রেস্তোরাঁর বাইরে বসে খাবার খেতে বাধ্য করা উচিত হবে না

লালমনিরহাটে রেস্তোরাঁর সামনে মাটিতে বসে হরিজন পরিবারের খাবার খাওয়ার ছবিটি সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আবদুল আলিম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের লোকদের রেস্তোরাঁয় বসতে বাধা দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, হোটেল রেস্তোরাঁর মালিক এবং হরিজন ও দলিত জনগোষ্ঠীর লোকজন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হিরালাল রায়, স্থানীয় সাংবাদিক উত্তম কুমার রায়, গোকুল চন্দ্র রায়, নর্থ কিং রেস্তোরাঁর মালিক মো. আবুল বাশার, আইনজীবী চিত্ত রঞ্জন রায় প্রমুখ। হরিজন ও দলিত জনগোষ্ঠীর পক্ষে কথা বলেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাজেশ বাঁশফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ঘুগলু বাঁশফোর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার জন্য যে বিধি রয়েছে, তা সবাইকে মানতে হবে। কাউকে তাঁর ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ ভেদ বা জন্মস্থানের জন্য বৈষম্য প্রদর্শন করা যাবে না। সেই মোতাবেক হরিজন ও দলিত জনগোষ্ঠীর লোকজনকে বেআইনিভাবে হোটেল-রেস্তোরাঁর বাইরে বসে খাবার খেতে বাধ্য করা উচিত হবে না। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের আচরণ ও ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তবে রাতারাতি এটা সম্ভব নয়, এ জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় হরিজন সম্প্রদায়ের একটি পরিবারের সদস্যদের একটি রেস্তোরাঁর বাইরে বসে খেতে দেখেন। তিনি ওই মুহূর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘এখনো কৌলাসদের রেস্টুরেন্টের বাইরে বসে খেতে হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’ এরপর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চিঠি ৪ জানুয়ারি লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এ নিয়ে প্রথম আলোর অনলাইনে ৫ জানুয়ারি ‘কৌলাসদের রেস্তোরাঁয় বসতে বাধা, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের’ শিরোনামে খবর প্রকাশিত হয়।