খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

খুলনায় রান্না করা পটকা মাছ খেয়ে মা-ছেলে মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরেকজন। আজ সোমবার বিকেলের দিকে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানাধীন মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর ওই দুজন মারা যান।

নিহত দুজন হলেন পরি বেগম (৬০) ও তাঁর ছেলে জাহাঙ্গীর (৩৬)। গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুল ইসলাম (৩০)।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, দুজনের মৃত্যুর খবর শুনে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। জানা গেছে, দুপুরে পটকা মাছ রান্না করে খাওয়ার পর বিকেলের দিকে বিষক্রিয়া শুরু হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে মা ও ছেলে মারা যান।

প্রতিবেশীরা জানান, পরি বেগমের পরিবারটি দরিদ্র। তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরি বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগনে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম ও জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনো হাসপাতালে ভর্তি।

স্বজন রোজিনা বেগম বলেন, সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।