মৌলভীবাজারের কমলগঞ্জ

বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা

পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই উপজেলা পরিষদ কিন্ডারগার্টেন স্কুল মাঠে ওই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলা পরিষদ কিন্ডারগার্টেন স্কুল মাঠে জলাবদ্ধতা
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলা পরিষদ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা ময়লা পানি মাড়িয়ে প্রায় তিন বছর ধরে বর্ষা মৌসুমে স্কুলে আসা–যাওয়া করছে। কারণ, পানিনিষ্কাশনে নালার ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই এই স্কুল মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতায় এই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা ভোগান্তিতে পড়ছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই স্কুলের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে ওই স্কুলসংলগ্ন জেলা পরিষদ অডিটরিয়াম নির্মাণ করা হয়। এর পর থেকে বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই স্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কারণ, অডিটরিয়াম নির্মাণের আগে স্কুলের পাশের নালা দিয়ে পানি বের হতো। কিন্তু ওই অডিটরিয়ামের জন্য এখন আর পানি বের হতে পারছে না। ফলে পুরো বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকায় অনেক শিক্ষার্থীই নিয়মিত স্কুলে যেতে পারছে না।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিতে ওই স্কুলের ফটক ও পুরো মাঠে ময়লা পানি জমে আছে। স্কুল ভবনের বারান্দার সঙ্গে পানির মধ্যে ইট বিছিয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৭০ জন শিক্ষার্থী আসা–যাওয়া করছে। জেলা পরিষদ অডিটরিয়াম ও সড়কের পানি যাওয়ার নালা না থাকায় এই পানি স্কুলের মাঠে এসে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। তবে মাঠে ময়লা পানি থাকায় স্কুলের শিশুরা খেলতে পারছে না।

ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলে, ‘আমাদের প্রতিদিন ময়লা পানি মাড়িয়ে স্কুলে যাওয়া–আসা করতে হয়। আমাদের কাপড় প্রতিদিন নষ্ট হয়। মাঠে পানি থাকায় টিফিনের সময় খেলা করতে পারি না।’

ওই স্কুলের অধ্যক্ষ এইচ এম খালেদুর রহমান বলেন, জেলা পরিষদ অডিটরিয়াম নির্মাণ করার পর থেকে স্কুলের মাঠে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ইউএনও সিফাত উদ্দীন বলেন, স্কুলের মাঠে পানি জমে আছে, এটা তাঁর জানা ছিল না। সরেজমিন দেখে পানিনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।