
চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। এমন কথা জানিয়ে তাঁদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।
আজ বেলা একটার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি জানান, গণপতির বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। বাড়ির ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলেন। বাধা দেওয়ায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা।
পুলিশ কমিশনার আরও বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ওই হত্যাকাণ্ড সংঘটিত হয় মূলত চুরির উদ্দেশ্যে। হত্যাকাণ্ডে গামছা, দড়ি ও শারীরিক সক্ষমতার ব্যবহার হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ওই বাড়ির ছাদে গিয়েছিলেন চুরির উদ্দেশ্যে। এলাকায় চাউর ছিল, গণপতি চক্রবর্তী চাকরি থেকে অবসরের পর ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন। গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী অনেক গয়না পরে বাড়ি থেকে বিভিন্ন সময় বের হতেন। এসব শুনে ও দেখে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন। চুরিতে বাধা দেওয়ায় প্রথমে গণপতি চক্রবর্তীকে, পরে ক্রমান্বয়ে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন ওই দুই আসামি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। মামলায় ৫৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
পাঠানো নমুনার মধ্যে খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।
ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি, দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরের দিন নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল ওই থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জীকে। পরদিন ২৪ আগস্ট মামলাটি তদন্তের দায়িত্ব পায় মহানগর ডিবি পুলিশ। মামলাটি তদন্ত করেন ডিবির পরিদর্শক জিন্নাত আলী।