নাফিসা নাওয়ালের পরিচয়পত্র
নাফিসা নাওয়ালের পরিচয়পত্র

এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন নাফিসা, পথে ক্রেনের ধাক্কায় মৃত্যু

সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন এইচএসসি পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো না নাফিসা নাওয়ালের (১৮)। পথে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়িতে। তাঁর বাবা মামুন মিয়া ও মা মুক্তা বেগম।

মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

বন্যার কারণে চট্টগ্রামে ৩২টি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত বৃহস্পতিবার সেসব স্থগিত পরীক্ষা শুরু হয়। আজ ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা।