জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার দলের নারী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণার পর ওই কমিটিতে নিজের নাম দেখে এ ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে পদত্যাগপত্র পোস্ট করে দ্যুতি অরণ্য চৌধুরী লিখেছেন, ‘আমি দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সংগঠক (উত্তরাঞ্চল), জাতীয় যুবশক্তির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রাথমিকভাবে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম। নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন “জাতীয় নারীশক্তি”র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে আমি বিস্মিত হয়েছি। উক্ত কমিটির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি। ধন্যবাদ।’
ফেসবুকে নিজের পেজে পোস্ট করা পদত্যাগপত্রে দ্যুতি অরণ্য চৌধুরী লিখেছেন, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে দল যে প্রতিশ্রুতি নিয়ে এই যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সাধারণ মানুষের আশা ভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’
এ বিষয়ে আজ রোববার দুপুরে দ্যুতি অরণ্য চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাধারণ মানুষের আশা ভঙ্গ হওয়ায় দলের সব পদ থেকে আমি পদত্যাগ করেছি। জাতীয় নির্বাচনের পরও আমি বেশ কিছুদিন অপেক্ষায় ছিলাম এই ভেবে যে হয়তো মানুষের আশা ভঙ্গ হবে না। কিন্তু কোনো অগ্রগতি না দেখে পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের মৌখিকভাবে জানিয়ে ছিলাম। তবু আমার কাছে কোনো প্রকার অনুমতি না নিয়েই আবারও কমিটিতে আমার নাম সংযুক্ত করা হয়েছে। আমি এনসিপি থেকে নিভৃতে সরে আসতে চেয়েছিলাম। কিন্তু এর মধ্যে নারীশক্তি কমিটিতে নিজের নাম প্রকাশের কারণে বেশ জোরেশোরেই পদত্যাগ করতে হয়েছে।’