পঞ্চমবারের মতো বরগুনা জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা

বরগুনা জেলার মানচিত্র
বরগুনা জেলার মানচিত্র

পঞ্চমবারের মতো আগামী ১৬ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার ওই তারিখ ঘোষণা করা হয়। রাতে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২৭ আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ সম্মেলন ২৭ অক্টোবর হবে বলে ঘোষণা দিয়েছিলেন। একই সভায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলার সব উপজেলা ও পৌর শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে বামনা  ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

২৭ আগস্টের ওই সভায় উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের দলের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, জেলা আওয়ামী লীগের তারিখ ঘোষণা করা হয়েছে, এ নিয়ে আনন্দিত হওয়ার কিছুই নেই। আবার সম্মেলনের তারিখ স্থগিত হতে পারে।  

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত  হয়। ওই সভায় ১৫ মের মধ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য দুই মাসের  সময় নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ১৮ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এর আগে ২০১৯ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিধার্রিত সময়ের পাঁচ দিন আগে সম্মেলন স্থগিত করা হয়।

তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ  জামান প্রথম আলোকে বলেন, ‘২৯ অক্টোবর তালতলী উপজেলা সম্মেলন তারিখ  নির্ধারণ করা হয়েছে। আমরা সম্মেলন অনুষ্ঠানের  জন্য প্রস্তুতি  নিচ্ছি।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, আগামী ১৬ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এবার আর তারিখ পরিবর্তন হবে না। যেহেতেু  ডিসেম্বরে জাতীয় সম্মেলন, তাই সম্মেলন হবেই। একই  সঙ্গে ৫ নভেম্বর সদর উপজেলা ও পৌর কমিটির, ২৯ অক্টোবর তালতলী উপজেলা , ৩০ অক্টোবর আমতলী উপজেলা এবং ৩১ অক্টোবর পাথরঘাটা উপজেলা কমিটির সম্মেলন হবে ।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর। ওই সম্মেলনে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়। এই দুই নেতা ৩০ বছরের ধরে জেলা আওয়ামী লীগের শীর্ষ পদ আঁকড়ে আছেন। দলের গঠনতন্ত্র অনুসারে এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে পাঁচ বছর আগে।