
‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’— কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। এ ঘটনায় মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করে কুমিল্লা–৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নির্দেশনা অনুযায়ী আজ বুধবার বেলা আড়াইটার দিকে কুমিল্লার আদালতে অবস্থিত কুমিল্লা–৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুমের কাছে সশরীর হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন মঞ্জুরুল আহসান।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনী অনুসন্ধান কমিটি এক নোটিশের মাধ্যমে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল আহসানকে আজ বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে। মঞ্জুরুল আহসানের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যা দেওয়া শেষে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মঞ্জুরুল আহসানের নিয়োগ করা আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। এ সময় আইনজীবী দাবি করেন, ছড়িয়ে পড়া বক্তব্যটি তাঁর মক্কেল দেননি। তবে পাশে থাকলেও মঞ্জুরুল আহসান এ সময় কোনো কথা বলেননি।
হামিদুল মেজবাহ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মঞ্জুরুল আহসান মুন্সীকে শোকজ করা হয়। আমরা যথাযথ নিয়মে লিখিত শোকজ নোটিশের জবাব দিয়েছি। নোটিশে আমাদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ৬ ও ১৫–এর লঙ্ঘনের অভিযোগ এসেছে। জবাবে আমরা বলেছি, ৬ ও ১৫ বিধি লঙ্ঘন হতে পারে, এমন কোনো কাজ মঞ্জুরুল আহসান মুন্সী কর্তৃক হয়নি।’
আইনজীবী আরও বলেন, ‘আদালতের কাছে আমরা বলেছি, দরকার হলে এই ভিডিও ফরেনসিক পরীক্ষা করানো উচিত। মাননীয় আদালত সব বিষয় আমলে নিয়েছেন। ওনারা (আদালত) পরবর্তী সময়ে আমাদের লিখিত ও মৌখিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদেশ জারি করবেন। তবে সেটি হয়তো নির্বাচনের পরে হবে।’
প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়। মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার পর কুমিল্লা–৪ আসনটিতে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। প্রচারণার শেষ দিন গত সোমবার মধ্যরাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে ওই বিতর্কিত মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তাঁর বক্তব্য নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় গতকাল রাতে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।