মিরসরাইয়ের ট্রেন দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

আয়াত হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের একজনের আজ শুক্রবার মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

আজ মারা যাওয়া শিক্ষার্থীর নাম আয়াত হোসেন। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়িও হাটহাজারীর আমানবাজার এলাকার খন্দকিয়া গ্রামে।

গত ২৯ জুলাই বড়তাকিয়া রেলগেটে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় হাটহাজারীর আরএনজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালকসহ ১১ জন মারা যান। এরপর সাতজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আয়াতকে প্রথমে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। দুদিন পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে গত দুদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ বেলা একটার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত ঘোষণা করা হয় বলে কর্তব্যরত এক চিকিৎসক নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সেদিন একটি মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়

হাসপাতাল পুলিশের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার আয়াতের মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তাসমির হাসান নামে অপর এক এসএসসি পরীক্ষার্থী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া আরও তিনজন নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছে।