গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রংপুরের মিঠাপুকুর থানার নুরপুর এলাকার ইউনুস আলীর ছেলে।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু প্রথম আলোকে বলেন, চান্দনার চৌরাস্তা এলাকায় ওই যুবক সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জয়দেবপুর থেকে আসা একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী রবিউল নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মালেক খসরু আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।