
গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে মৌমাছির কামড়ে ৯ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া মৌমাছির কামড়ে আহত হয়েছে ছয়টি গরু ও একটি কুকুর। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ওই গ্রামের হাজি রমজান আলী মসজিদের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৌমাছির কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছয়জন। তাঁদের মধ্যে তারা বানু, মো. তন্ময় ও রিয়া আক্তার উপজেলার মাওনা চৌরাস্তার মাওনা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সন্ধ্যায় বাড়ি গেছেন মোসা. মর্জিনা, মো. আল-আমিন ও রাসেল মিয়া। অন্যদিকে মাওনা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. রোকন, ফরহাদ মিয়া ও আল আমিন।
মৌমাছির কামড়ে ওই বাড়ির আলম মিয়ার তিনটি ও কামরুল ইসলাম নামের এক ব্যক্তির আরও তিনটি গরু আহত হয়েছে। প্রতিটি গরুর পুরো শরীরে শত শত ক্ষত। এ ছাড়া মৌমাছির কামড়ে আহত হয়েছে ওই বাড়ির একটি পোষা কুকুর।
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা সোহেল শেখ প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাই আলম মিয়ার বাড়ির একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছে। গাছের নিচে ও আশপাশে সব সময় গরু বাঁধা থাকে। শুক্রবার দুপুরে হঠাৎ সেই বাসায় হামলে পড়ে বাজ পাখি। এতে মৌচাকের কিছু অংশ গরুর কাছে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই মৌমাছি গরুগুলোকে কামড়াতে থাকে। খুব দ্রুত মৌমাছি আশপাশের ছড়িয়ে পড়ে ও লোকজনকে কামড়াতে থাকে। মৌমাছি তাড়াতে স্থানীয় লোকজন ঘরে আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেন। পরে আহত লোকজনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মাওনা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তারা বানুর মেয়ে আলপনা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে তাঁর মা ও দুই ভাই-বোন চিকিৎসা নিচ্ছেন। সারা শরীরে অসংখ্য কামড়ের ক্ষত।
লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ মিয়ার স্ত্রী মোসা. ইয়াসমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর পিঠ, হাত ও মুখে কামড়ের ফলে প্রচুর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রচণ্ড ব্যথায় তিনি কাতরাচ্ছেন।