পলাশে রংতুলিতে লক্ষ্মণ সাহার জমিদারবাড়ি

‘রংতুলিতে লক্ষ্মণ সাহার জমিদারবাড়ি’ শিরোনামে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন চিত্রশিল্পীরা। আজ সোমবার দুপুরে নরসিংদীর পলাশের ডাঙ্গায়
ছবি: প্রথম আলো

নরসিংদীর পলাশে ‘রংতুলিতে লক্ষ্মণ সাহার জমিদারবাড়ি’ শিরোনামে ২০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনভর উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকার ওই পরিত্যক্ত জমিদারবাড়িতে এই আর্ট ক্যাম্প হয়। এর আয়োজন করে জলের ধারা ফাইন আর্টস নামের একটি প্রতিষ্ঠান।

নরসিংদীর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর অন্যতম একটি পলাশের ডাঙ্গা এলাকার লক্ষ্মণ সাহার জমিদারবাড়ি। তবে ঠিক কবে এই জমিদারবাড়িটি নির্মিত হয়েছে, তার সঠিক তথ্য নেই। কয়েক শ বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কারুকার্যখচিত দোতলা এই বাড়িটির ভবনের মেঝে কষ্টিপাথর দিয়ে ঢালাই করা। রয়েছে সানবাঁধানো পুকুরঘাট, পূজার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির। প্রতিদিনই অসংখ্য মানুষ জমিদারবাড়িটি ঘুরে দেখতে আসেন।

জলের ধারা বলছে, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই গত এক যুগ ধরে তারা দলবদ্ধভাবে দেশের প্রত্যন্ত সব অঞ্চলে ঘুরে ঘুরে ইতিহাস-ঐতিহ্য নিয়ে ছবি আঁকেন। কখনো প্রবীণ, কখনো নবীন, আবার কখনো নবীন-প্রবীণ শিল্পীদের সমন্বয়ে আয়োজন করেন আর্ট ক্যাম্প, আর্ট ট্রিপ, আর্ট ওয়ার্কশপ বা প্রদর্শনীর। দেশজুড়ে চারুকলার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের সরাসরি বা অনলাইনে একনিষ্ঠভাবে ছবি আঁকার প্রশিক্ষণও দেন তাঁরা। এরই ধারাবাহিকতায় ২০ চিত্রশিল্পীকে নিয়ে এই আর্ট ক্যাম্পের আয়োজন। শিল্পীরা তাঁদের ক্যানভাসে জমিদারবাড়িটি নানা দিক থেকে এঁকেছেন।

আর্ট ক্যাম্পে অংশ নেওয়া ২০ তরুণ চিত্রশিল্পী হলেন কারু তিতাস, সৈয়দ গোলাম দস্তগীর, গুপু ত্রিবেদী, আবদুস সাত্তার তৌফিক, আবু কালাম শামসুদ্দীন, আনিসুর রহমান, বিশ্বজিৎ গোস্বামী, আসমা আক্তার, ইসকান্দার মির্জা, মনজুর রশিদ, হামিম উল জিহাদ, ইসমাইল চৌধুরী, ইসরাত জাহান, কামরুজ্জোহা, সালমা শিরিন চৌধুরী, সৈকত হোসেন, শাহানুর মামুন, জাহিদ খান, জিয়াউল রহমান ও সোহাগ পারভেজ।
সেখানে গিয়ে দেখা গেছে, অংশ নেওয়া চিত্রশিল্পীরা ছড়িয়ে-ছিটিয়ে কেউ মাদুর পেতে বসে, আবার কেউ চেয়ারে ক্যানভাস পেতে ছবি আঁকছেন। তাঁদের কেউ পুরো জমিদারবাড়িটি আঁকছেন, কেউ আঁকছেন শুধু দোতলার বারান্দা, কেউ আঁকছেন দরজার নকশা, কেউ আবার আঁকছেন কারুকার্যময় জানালা। অধিকাংশ শিল্পীই আঁকছেন জলরঙে, কেউ কেউ স্কেচ আঁকছেন পেনসিলে। তবে তাঁদের সবার আঁকাই এই জমিদারবাড়িকেন্দ্রিক।

জলের ধারা ফাইন আর্টসের পরিচালক সোহাগ পারভেজ বলেন, ‘লক্ষ্মণ সাহার জমিদারবাড়িটি বর্তমানে পরিত্যক্ত, কালের বিবর্তনে একসময় বাড়িটি আর থাকবে না। আজকের আর্ট ক্যাম্পে আমরা তুলির আঁচড়ে এ বাড়ির ওপর শতাধিক ছবি এঁকেছি, যাতে হাজার বছর পরও ঐতিহ্যটি মানুষের মাঝে টিকে থাকে। আমাদের আঁকা এসব ছবি নিয়ে পরবর্তী সময়ে একটি অনলাইন প্রদর্শনীর আয়োজন করা হবে।’