মাদক মামলায় রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী শামীম মিয়াকে (২২) আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা কারাগারের প্রধান ফটকে মাদক কেনাবেচার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কারারক্ষী শামীম মিয়ার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামে। ওই মামলার অপর আসামি আশরাফুজ্জামান ওরফে আরিফ (৩৫) রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলাটি করেন। এ নিয়ে বৃহস্পতিবারই প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘কারাগারের সামনে মাদক কেনাবেচা, কারারক্ষীর বিরুদ্ধে মামলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশরাফুজ্জামানকে আটক করা হয়। তবে কারারক্ষী শামীম তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান। এ সময় আশরাফুজ্জামানের কাছ থেকে ৩২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। আজ ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় বাড়ি ভাড়া করেন শামীম। দুপুরের দিকে দুই যুবককে নিয়ে তিনি সেই বাড়ি পরিষ্কার করতে যান। খবর পেয়ে ডিবি তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর খান বৃহস্পতিবার বলেছিলেন, ‘শামীম মিয়া প্রায় ১৫ মাস আগে রাজবাড়ী জেলা কারাগারে যোগ দেন। আমরা কারাগারের ভেতর সবকিছু চেক করে ঢোকাই। তবে অসাবধানতাবশত কিছু হয়ে থাকতে পারে। কারণ, সব পেশাতেই কিছু খারাপ মানুষ থাকে। শামীমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনার পর থেকে শামীম অনুপস্থিত রয়েছেন। অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়ে আমরা রিপোর্ট করব।’

ডিবি রাজবাড়ী জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাদের কাছে মাদক কেনাবেচার তথ্য ছিল। আর সিন্ডিকেট ছাড়া কেউ একসঙ্গে এত ইয়াবা বিক্রি করার কথা নয়। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। একজনকে গ্রেপ্তার করা হয়। কারারক্ষী শামীম পালিয়ে যান। আজ তিনি (শামীম) শহরের বেড়াডাঙ্গায় একটি বাড়ি ভাড়া করতে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অপর দুজনের মাদক বা এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাঁরা বাড়ি পরিষ্কার করতে এসেছিলেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’