মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের তিন আরোহী নিহত, আহত ১

দুর্ঘটনার পর পড়ে আছে হতাহতের পায়ের স্যান্ডেল। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমলদহ এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরেক আরোহী। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মালবাহী একটি যানবাহনের পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দিলে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে মেহেদী হাসান নামের এক তরুণ হতাহতের বন্ধু পরিচয় দিয়ে বলেন, নিহত তিনজন হলেন আকিব, জনি ও ইমাম। তাঁরা সবাই শিক্ষার্থী, বয়স ১৮–১৯ বছর। এই তিনজনসহ চারজন একই মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আকিব ও জনির বাড়ি মিরসরাইয়ের শায়েরখালী এলাকায়। ইমামের বাড়ি উপজেলার আদি ফকিরহাট এলাকায়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন।