
ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে নগরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। মাসুদের বাড়ি ঝিনাইদহ ও সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
পুলিশ জানায় বুধবার বেলা তিনটার দিকে ভবনের অষ্টম তলায় কাজ করার সময় দুই শ্রমিক নিচে পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামের একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে প্রায় তিন বছর ধরে। ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক বেলাল উদ্দিন ও ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার দিপশা চৌধুরী দম্পতির। দিপশা চৌধুরীর পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সাড়ে ৮ শতাংশ জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে।
ভবনটির নিরাপত্তাকর্মী আবদুল হক বলেন, দুপুরের খাবার খেয়ে শ্রমিকেরা কাজ করতে ওপরে যান। এর কিছুক্ষণের মধ্যে দুজন শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান। এই শ্রমিকেরা প্রায় ১৫ দিন আগে এখানে কাজ করতে এসেছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ভবনটির মালিক বেলাল উদ্দিন বলেন, ‘আমরা ভবনটির নির্মাণকাজ রফিকুল ইসলাম নামের এক ঠিকাদারকে দিয়েছ৷ তারাই কাজটি করাচ্ছে। দুর্ঘটনাবশত শ্রমিকের মৃত্যুতে আমরাও শোকাহত।’