গাজীপুরে আইইউটির বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থী প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকালে
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিদেশি শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ফি কমানো, ৩০ শতাংশ চাকরির নিশ্চয়তা, আবাসিক ছাত্রাবাসে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও ওয়াশিং মেশিন স্থাপনসহ বেশ কয়েয়কটি দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে ওই কর্মসূচি পালন করছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। এরপর ফটক বন্ধ করে তাঁরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বিশ্বিবিদ্যালয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না। যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থেকে গিয়ে ক্লাস করেন, তাঁদেরও আটকে দেওয়া হয়। তবে ঘণ্টাখানেক পর শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়। এ সময়ে অনাবাসিক শিক্ষার্থীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয় ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মাধ্যমে।

আজ দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। বিক্ষোভরত শিক্ষার্থীরা বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সেমিস্টার ফি কমানো, শিক্ষার্থীদের কমপক্ষে ৩০ শতাংশ চাকরির নিশ্চয়তা দেওয়া, আবাসিক হলে এসি লাগানো, ওয়াশিং মেশিন দেওয়া ইত্যাদি। অবশ্য বাংলাদেশি কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বিদেশি শিক্ষার্থীরা খারাপ ফলাফল করে চাকরির নিশ্চিয়তা চান। তাঁদের এসব দাবি অযৌক্তিক।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দায়িত্বে থাকা আনসার সদস্য রুবেল মিয়া বলেন, বিদেশি শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে ভোর থেকেই ফটকে অবস্থান নিয়ে আছেন। তাঁরা গেটে খুলতে দিচ্ছেন না। কিছু বললেই উত্তেজিত হয়ে উঠছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. নাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা আবাসিকে এসি, ওয়াশিং মেশিনের দাবি করছেন। এ ছাড়া কোনো বিষয়ে অকৃতকার্য হলে সেই বিষয়ে আবারও পরীক্ষা নেওয়া হয়। সেটিও বাতিল করার দাবি জানান তাঁরা। এ ছাড়া তাঁদের একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনেরও অনুমোদন চাইছেন। দাবির বিষয়টি নিয়ে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন।