গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না: সেনাপ্রধান

সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় জীবন উৎসর্গকারী সেনাসদস্যদের পরিবারের মাঝে আশুলিয়ার খেজুরটেক এলাকায় সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত আস্থা নীড় প্রকল্পের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন বাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘যে বীরেরা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের আমাদের মনে রাখতে হবে। যখন মানুষ ভালো কাজের প্রতিদান পাবেন, অবশ্যই তাঁরা ভালো কাজে উৎসাহিত হবেন। গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না।’

আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত আস্থা নীড় প্রকল্পের ২০ ফ্ল্যাটের একটি ভবনের ১৫টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে বা জাতিসংঘ মিশনে আভিযানিক অথবা সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাসদস্যদের পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করা হয়।

জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই সেনাসদস্যরা সেনাবাহিনীতে যোগ দেন উল্লেখ করে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনীর এমন একটা চাকরি, যাকে আমরা চাকরি বলি না। এটাকে আমরা বলি জীবনযাত্রা।’

শহীদ সেনাসদস্যদের পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি যেভাবে পারি আমরা আমাদের সীমাবদ্ধতার ভেতর থেকেও কর্তব্যরত অবস্থায় যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার। সেখানে আজ একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা আজ এমন ১৫টি পরিবারকে সারা জীবনের জন্য একটা করে ফ্ল্যাট হস্তান্তর করতে পারলাম।’

এর আগে সকালে সাভার সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩–এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। প্রতিযোগিতায় সেনাবাহিনীর সব ফরমেশনসহ লজিস্টিকস এরিয়া এবং ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানার্সআপ হয়। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের করপোরাল মো. হযরত আলী শ্রেষ্ঠ ফায়ারার এবং ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক আশিক হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেন।

এরপর সেনাপ্রধান সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি একাডেমিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেন্ট্রাল ক্যাম্পিং-২০২৩–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ ক্যাম্পিংয়ে সেনা, নৌ ও বিমান শাখার মোট ৬০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এসব অনুষ্ঠানে সাভার সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাভার সেনানিবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।