
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের আদম আলী (৩৬) নামের এক উত্ত্যক্তকারীর ভয়ে স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দিয়েছিলেন কৃষক বাবা। এরপরও উত্ত্যক্তকারীর ভয়ভীতি দেখানো ও বেপরোয়া আচরণ অব্যাহত থাকায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
এসব অভিযোগ করে ও এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার আজ সোমবার দুপুরে তাদের বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেছে। এ সময় পরিবারটির পক্ষে বক্তব্য দেন ওই স্কুলছাত্রীর বাবা ও তার চাচা। সংবাদ সম্মেলনে পরিবারের নারী সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আদম আলী প্রথম আলোকে বলেন, ‘আমাকে হয়রানি করতেই এসব অভিযোগ আনা হয়েছে।’
আদম আলীর ভাই কদম আলী বলেন, ওই পরিবারের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তাঁর বড় ভাই আদম আলী। কিন্তু অন্যত্র বিয়ে দেওয়ার পর থেকে তাঁর বড়ভাই মানসিকভাবে আঘাত পেয়েছেন। এখন পাগলের মতো জীবন যাপন করছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বলেন, পরিবারটিকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তাদের পরিবারের একমাত্র মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ত। একই গ্রামের আদম আলী চলতি পথে নানাভাবে তাকে উত্ত্যক্ত করতেন। এটা নিয়ে বেশ কয়েকবার শালিসও হয়েছে। এরপরও দুই দফায় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা হয়েছিল। এ কারণে ভ্রাম্যমান আদালতের রায়ে জেলও খেটেছেন আদম আলী।
এরপর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বাধ্য হয়ে দুই মাস আগে মেয়ের বিয়ে দেয় ভুক্তভোগী পরিবারটি। এরপর বিভিন্ন সময় তাদের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল, ঢিল ছোঁড়া ও নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণের মাত্রা বাড়িয়ে দেন আদম আলী।
সর্বশেষ গত শনিবার রাতে বাড়ির সামনে রাখা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন তিনি। আগুন নেভাতে গ্রামের মসজিদের মাইকে লোক ডাকা হয়। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদম আলীর এমন আচরণে তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আদম আলীর পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিনের সহায়তায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবারটি।