
ঢাকার সাভারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিক ও ঘরমুখী মানুষ। আজ সকাল আটটার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অবরোধ করেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।
বাসের জন্য অপেক্ষারত শ্রমিকেরা বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের ছুটি শুরু হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে বাড়ি যাওয়ার জন্য তাঁরা বাসস্ট্যান্ডে জড়ো হচ্ছেন। যাত্রী পরিবহনের মতো বাসের সংখ্যা কম। ফলে দীর্ঘ সময় ধরে যাত্রীদের বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে। ওই সুযোগে বাসের বাড়তি ভাড়া আদায় করছেন বাসের মালিকপক্ষ। সকাল আটটার দিকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এক পর্যায়ে ঘরমুখী যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।
রাজশাহীর নওগাঁ যাবেন পোশাকশ্রমিক আবুল কালাম সোহাগ। তিনি বলেন, ‘ভোট দিতে নওগাঁ যাব। আগে ৫০০ টাকা ভাড়া ছিল, এখন ১০০০ টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। প্রশাসন যেন এর সমাধান করে দেয়।’
জামালপুর যাচ্ছেন মো. মুখলেস। তিনি বলেন, ‘আমি গ্রামের বাড়ি জামালপুরে যাব। ৩০০ টাকার ভাড়া এখন ১০০০ টাকা চাচ্ছে। এই সমস্যার সমাধান চাই।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, যাত্রীদের অভিযোগ শোনার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমন আশ্বাসে তাঁরা সড়ক থেকে সরে গেছেন। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, শিল্পকারখানার ছুটি শুরু হওয়ায় একসঙ্গে অনেক শ্রমিক বাসস্ট্যান্ডে এসেছেন। সড়কে বাসের সংখ্যা তুলনামূলক কম। বাইপাইলে বাসস্ট্যান্ডে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে সড়কের ওপর অবস্থান নেওয়ায় গাড়ি চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের। ভোটের পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।