
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের এক সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় সিমেন্ট ও বালুভর্তি দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিমেন্টভর্তি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবদুল জলিল (৩৫)। তিনি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কদমতলী এলাকার আজবার আলীর ছেলে। এ ঘটনায় দুই ট্রাকের চালক ও আরেক সহকারী আহত হয়েছেন।
সিমেন্টভর্তি ট্রাকের চালক মো. আসাদুল (৩৫) আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বালুভর্তি ট্রাকের আহত চালক ও সহকারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, আজ ভোরে সিমেন্টভর্তি ময়মনসিংহমুখী ও বালুভর্তি টাঙ্গাইলমুখী দুটি ট্রাক হরিপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের দরজা ও বিভিন্ন অংশ কেটে নিহত সহকারীর লাশ উদ্ধার করেন।
ঘাটাইল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে জলিলের লাশ হস্তান্তর করা হবে।