নরসিংদীতে একসঙ্গে ২৩ জনের ‘পদত্যাগের’ বিষয়ে যে ব্যাখ্যা দিল ইউনিয়ন বিএনপি

নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার দুপুরে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে
ছবি: প্রথম আলো

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির ২৩ জনের ‘পদত্যাগের’ বিষয়ে ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চিনিশপুরের জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে আলোকবালী ইউনিয়ন বিএনপি।

আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম থাকার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকদের সামনে ‘পদত্যাগ’ করা অধিকাংশ নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দাবি করেন, এ ঘটনায় সাংবাদিকের কাছে ভুল তথ্য সরবরাহ করা হয়েছিল।

গত ১১ সেপ্টেম্বর সদর থানা বিএনপির সভাপতি মো. আবু সালেহ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আলোকবালী ইউনিয়ন বিএনপির ৪০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে ছয় আওয়ামী লীগ নেতাকে অন্তর্ভুক্ত করার ক্ষোভে গত শনিবার কমিটির ২৩ সদস্য পদত্যাগপত্র জমা দেন। এ নিয়ে ২৫ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইনে ‘নরসিংদীতে বিএনপির কমিটিতে আ.লীগের ৬ নেতার নাম, প্রতিবাদে ২৩ জনের পদত্যাগ’ ও পরদিনের ছাপা কাগজে ‘কমিটিতে আ.লীগের ৬ নেতা, প্রতিবাদে ২৩ জনের পদত্যাগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

সংবাদ সম্মেলনে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে জেলা বিএনপির কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সত্য নয়। পদত্যাগপত্রটি নিয়ে ওই সন্ধ্যায় তার কাছে এসেছিলেন ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা। সেটি তাঁকে দেখানোর পর তিনি এর ছবি তুলে রাখেন এবং এ বিষয়ে সমাধানের আশ্বাস দেন। কিন্তু পদত্যাগপত্র গ্রহণের কোনো ঘটনা সেদিন ঘটেনি। সেখান থেকে বেরিয়ে ওই কয়েকজন নেতা বিষয়টি সাংবাদিকদের কাছে ভুলভাবে উপস্থাপন করায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দুই পাতার ওই পদত্যাগপত্রের প্রথম পাতায় চিঠি এবং দ্বিতীয় পাতায় ২৩ জনের মধ্যে ২০ জনের স্বাক্ষর ছিল। কমিটিতে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম থাকার কথা বলে একটি লিখিত অভিযোগ দেওয়ার নাম করে সবার স্বাক্ষর নেওয়া হয়েছিল। স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই জানেন না, পদত্যাগের জন্য তাঁদের নাম-স্বাক্ষর নেওয়া হয়েছিল।

বিএনপি নেতা ইকবাল হোসেন বলেন, ‘বিএনপি একটি বড় দল। তাই এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমাদের মধ্যেও যে গ্রুপিং নেই, সেটা বলা যাবে না। তবে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভবও না। প্রত্যাশা পূরণ না হওয়ায় বিতর্ক সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটিয়েছেন কিছু নেতা।’

পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান বলেন, ‘সিনিয়র নেতারা যেহেতু বলছেন, সমস্যার সমাধান করা হবে, তাই আমরা আর কোনো ঝামেলা চাই না।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আলোকবালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শাহ আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্যসচিব আবদুল কাইয়ুম সরকার, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মো. নজরুল ইসলাম প্রমুখ।