রংপুর–দিনাজপুর মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে নছিমন-করিমন। তারাগঞ্জ উপজেলার ইকরচালী এলাকায় গত বুধবার
রংপুর–দিনাজপুর মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে নছিমন-করিমন।  তারাগঞ্জ উপজেলার ইকরচালী এলাকায় গত বুধবার

রংপুর-দিনাজপুর মহাসড়ক

সড়কে বেপরোয়া নছিমন করিমন, ঘটছে দুর্ঘটনা

মহাসড়কে নছিমন-করিমনসহ তিন চাকার বিভিন্ন যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু রংপুরের তারাগঞ্জে এই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। মহাসড়কে থ্রি–হুইলার চলাচল বেড়েই চলেছে। বেপরোয়াভাবে চলাচল করায় এবং অতিরিক্ত যাত্রী বহন করায় মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি অনেক লোক আহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার মধ্য দিয়ে চলে গেছে রংপুর-দিনাজপুর মহাসড়ক। মহাসড়কের পাগলাপীর বাসস্ট্যান্ড থেকে সৈয়দপুর পর্যন্ত দূরত্ব ২৫ কিলোমিটার। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কের এই অংশে অবাধে চলছে পাঁচ শতাধিক নছিমন-করিমন, ভটভটি, ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা। বিশেষ করে নছিমন–করিমনের বিকট শব্দ আর বেপরোয়া চলাচলে অতিষ্ট হয়ে উঠেছে তাঁদের জীবন। যাত্রী ওঠানো ও নামানোর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে এসব যান দাঁড় করিয়ে রাখা হয়। এতে মহাসড়ক সংকুচিত হয়ে পড়ায় দুর্ঘটনা ঘটছে। গত দুই মাসে মহাসড়কের ওই অংশে ৫টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ অংশের ২৫ কিলোমিটারে অটোরিকশার ৯টি অবৈধ স্ট্যান্ড আছে। সম্প্রতি এসব স্ট্যান্ড ঘুরে দেখা গেছে, মহাসড়কের ওপর যত্রতত্র নছিমন-করিমন, ইজিবাইক, টেম্পুসহ বিভিন্ন গাড়ি পার্কিং করায় যানবাহন চলাচলের জায়গা কমে গেছে। এর ফলে এসব এলাকায় দিন দিন যানজট এবং পথচারী ও অন্য যানবাহনের যাত্রীদের ঝুঁকি বাড়ছে। নছিমন-করিমনসহ অধিকাংশ তিন চাকার যান বেশ পুরোনো। ভাঙাচোরা নছিমন-করিমনগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।

ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আখতারুজ্জামান বলেন, বামনদীঘি স্ট্যান্ডে সড়কের ওপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০-৩০টি ইজিবাইক দাঁড় করিয়ে রাখা হয়। পুলিশ প্রশাসন এগুলো বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অনুমোদন ছাড়া মহাসড়কে কীভাবে এসব যানবাহন চলছে জানতে চাইলে নছিমনচালক ফরিদ হোসেন বলেন, ‘ভাই, ম্যানেজ করে চালাই। বেশি কড়াকড়ি হলে লুকিয়ে চালাই। পুলিশ যদি একবার আটক করে, তাহলে তিন হাজার টাকা লাগে।’

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, মহাসড়ক দিয়ে নছিমন-করিমন, থ্রি–হুইলার চলাচলের কোনো সুযোগ নেই। এগুলো মহাসড়কের যেখানেই পাচ্ছেন, আটক করে মামলা দিচ্ছেন। কিন্তু জরিমানা দিয়ে এই অবৈধ যানবাহনগুলো বের করে এনে আবারও মহাসড়কে চালাচ্ছেন চালকেরা।